বিদেশ

ক্ষেপণাস্ত্রের অভিযোগে ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ UAE-র, ফের চড়ছে উপসাগরীয় উত্তেজনা

পারস্য উপসাগরকে ঘিরে ফের বাড়ছে উত্তেজনা। ইরানের বিরুদ্ধে জলসীমায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে তেহরানের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা করল সংযুক্ত আরব আমিরশাহী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে আবু ধাবি।

আমিরশাহীর বিদেশমন্ত্রকের অভিযোগ, সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা তৈরি করতেই পর পর দু’টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। একটি ক্ষেপণাস্ত্র তাদের জলসীমার মধ্যে এবং অন্যটি জলসীমার বাইরে গিয়ে পড়ে বলে দাবি UAE-র। ঘটনায় কোনও বড় ক্ষয়ক্ষতি না হলেও, এই ধরনের হামলা দেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে মনে করছে তারা।

এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছে ইরান। তেহরানের দাবি, UAE সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তুলছে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী এবং দুই দেশের মধ্যে আস্থা তৈরির প্রচেষ্টাকে আরও দুর্বল করবে।

তবে এই ঘটনা ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরশাহী একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে। জুনে একটি সমঝোতার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফের উত্তাপ বাড়ছে।

এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়েও কড়া অবস্থান নিয়েছে ইরান। আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল বন্ধ রাখার বার্তা দিয়েছে তেহরান। ফলে বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোটা মধ্যপ্রাচ্যে।

সব মিলিয়ে, ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এবং পালটা বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীর সম্পর্ক ফের কোন দিকে যায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.