রক্তপরীক্ষার রিপোর্টে ক্রিয়েটিনিনের মাত্রা সামান্য বেড়ে গেলেই কি কিডনি বিকল হওয়ার পথে? বিশেষ করে ডায়াবিটিস থাকলে এমন আশঙ্কা আরও বেশি দেখা যায়। তবে বাস্তবে শুধু ক্রিয়েটিনিনের মাত্রা বেশি দেখেই কিডনির রোগের সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। একাধিক কারণেই এই মাত্রা সাময়িকভাবে বাড়তে পারে।
ক্রিয়েটিনিন মূলত পেশির স্বাভাবিক বিপাকক্রিয়ায় তৈরি হওয়া একটি বর্জ্য পদার্থ। সাধারণত কিডনি রক্ত থেকে এই পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয়। তাই কিডনির কার্যক্ষমতা কমে গেলে রক্তে ক্রিয়েটিনিন জমতে পারে। কিন্তু কিডনি স্বাভাবিক থাকলেও কিছু পরিস্থিতিতে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে।
কোন কোন কারণে বাড়তে পারে ক্রিয়েটিনিন?
অতিরিক্ত পেশির ভর থাকলে শরীরে ক্রিয়েটিনিন তৈরির পরিমাণও তুলনামূলক বেশি হতে পারে। তাই বডিবিল্ডার বা খুব বেশি পেশিশক্তির ব্যক্তিদের ক্ষেত্রে মাত্রা কিছুটা বেশি দেখা যেতে পারে।
এ ছাড়াও ক্রিয়েটিন সাপ্লিমেন্ট গ্রহণ, শরীরে জলের ঘাটতি, অতিরিক্ত লাল মাংস খাওয়া এবং হঠাৎ খুব বেশি পরিশ্রম বা কঠোর শরীরচর্চা করার কারণেও ক্রিয়েটিনিন সাময়িকভাবে বাড়তে পারে।
তবে ডায়াবিটিস থাকলে বিষয়টি একেবারে হালকা ভাবে নেওয়াও উচিত নয়। দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে থাকলে কিডনির ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। তাই চিকিৎসকের পরামর্শে ক্রিয়েটিনিনের পাশাপাশি ইজিএফআর এবং প্রস্রাবে অ্যালবুমিনের মতো পরীক্ষাও করা হতে পারে।
ফলে রিপোর্টে ক্রিয়েটিনিন বেশি এলেই আতঙ্কিত না হয়ে পুরো রিপোর্ট ও শারীরিক পরিস্থিতি চিকিৎসকের মাধ্যমে মূল্যায়ন করানো জরুরি। বারবার ক্রিয়েটিনিন বাড়তে থাকলে বা শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে পরিবর্তন কিংবা অস্বাভাবিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।






