‘দাদাগিরি’র নতুন সিজন শুরু হওয়ার পর থেকেই একের পর এক চমক দেখা যাচ্ছে। এবার বিনোদনের মঞ্চে যোগ হতে চলেছে রাজনীতির রংও। রাজনৈতিক ময়দান থেকে সরাসরি ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হচ্ছেন একাধিক দাপুটে নেতা। কয়েক দিন ধরেই এই খবর শোনা যাচ্ছিল। এবার সামনে এল সেই বহু প্রতীক্ষিত প্রোমো। দেবের সঙ্গে খেলতে দেখা যাবে কুণাল ঘোষ, সজল ঘোষ, নওশাদ সিদ্দিকি, কৌস্তভ বাগচী, মদন মিত্র এবং ডোমকলের বিধায়ক তথা বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমানকে।
রাজনৈতিকভাবে প্রত্যেকে ভিন্ন শিবিরের মানুষ। মতাদর্শেও বিস্তর ফারাক। কিন্তু ‘দাদাগিরি’র মঞ্চে সেই বিভাজন যেন একেবারেই উধাও। মঙ্গলবার সামনে আসা নতুন প্রোমো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় সঞ্চালকের ভূমিকায় দেবকে দেখার পর থেকেই ‘দাদাগিরি’র মঞ্চে নতুন মাত্রা যোগ হয়েছে। অভিনেতা-সাংসদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শুরু থেকেই জমিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি। তার উপর দেবের শো মানেই তারকাদের উপস্থিতি থাকবে, সেটাই স্বাভাবিক। তবে এবার যে রাজনীতির হেভিওয়েট নেতাদের এক মঞ্চে দেখা যাবে, তা নিঃসন্দেহে বাড়তি চমক।
রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক সমীকরণে নানা পরিবর্তন, দলবদল এবং নতুন করে শিবির বদলের আবহের মধ্যেই ‘দাদাগিরি’র মঞ্চে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন ছবি। সেখানে একই খেলায় অংশ নিতে চলেছেন একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষরা। সজল ঘোষ, কুণাল ঘোষ, মদন মিত্র, কৌস্তভ বাগচী, নওশাদ সিদ্দিকি এবং মোস্তাফিজুর রহমানকে নিয়ে বিশেষ এই পর্ব ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
প্রোমোর শুরুতেই দেখা যায়, একে একে শ্যুটিং ফ্লোরে প্রবেশ করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। মদন মিত্রকে দেখা যায় লাল রঙের জরির কাজ করা পাঞ্জাবি ও ধুতি পরে, চোখে কালো ফ্রেমের চশমা। অন্যদের পোশাক ছিল তুলনায় অনেকটাই সাদামাটা। এরপর সকলকে এক জায়গায় জড়ো করে কুণাল ঘোষ বুঝিয়ে দেন, কীভাবে চলবে এই বিশেষ খেলা।
রসিকতা ও মজার কথাবার্তায় মদন মিত্র কিংবা সজল ঘোষ যে আলাদা মাত্রা যোগ করতে পারেন, তা বলাই যায়। কুণাল ঘোষের রাজনৈতিক টিপ্পনি নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। অন্যদিকে যুক্তি ও বুদ্ধির লড়াইয়ে নওশাদ সিদ্দিকির উপস্থিতিও নজর কাড়বে বলে মনে করছেন অনেকে। কৌস্তভ বাগচী এবং মোস্তাফিজুর রহমানকে নিয়েও দর্শকদের প্রত্যাশা কম নয়।
সব মিলিয়ে প্রশ্ন একটাই—একই মঞ্চে সজল, কুণাল, মদনদের সঙ্গে কৌস্তভ, নওশাদদের সমীকরণ ঠিক কেমন দাঁড়াবে? রাজনৈতিক প্রতিপক্ষরা কি রসিকতা আর খেলায় মেতে উঠবেন, নাকি দেবের প্রশ্নের সামনে শুরু হবে পাল্টা যুক্তির লড়াই? আপাতত সেই উত্তর খুঁজতেই মুখিয়ে দর্শকরা।
এই বিশেষ পর্বটি চলতি সপ্তাহের শনি অথবা রবিবার রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হওয়ার কথা। ফলে ‘দাদাগিরি’র এই হাইভোল্টেজ রাজনৈতিক পর্ব ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে।







