ক্যাব বুকিংয়ের জন্য পরিচিত উবের এবার যাত্রী পরিষেবায় আরও এক ধাপ এগোল। এবার থেকে উবের অ্যাপের মাধ্যমেই ট্রেনের টিকিট বুক করার সুবিধা মিলবে। ফলে ট্রেনের টিকিট কাটতে আলাদা অ্যাপে যেতে হবে না। যাত্রার শুরু থেকে গন্তব্যে পৌঁছনো পর্যন্ত প্রয়োজনীয় পরিষেবা এক জায়গা থেকেই দেওয়ার লক্ষ্য নিয়েছে সংস্থা।
এই নতুন পরিষেবা চালু করতে ট্রাভেল সংস্থা ইক্সিগোর সঙ্গে অংশীদারিত্ব করেছে উবের। নতুন ব্যবস্থায় যাত্রীরা নির্দিষ্ট রুটের ট্রেন খোঁজা থেকে শুরু করে টিকিট বুকিং—সবটাই করতে পারবেন উবের অ্যাপ থেকে। শুধু টিকিট কাটাই নয়, বুকিংয়ের পর পিএনআর-এর অবস্থাও দেখা যাবে।
কীভাবে কাটবেন ট্রেনের টিকিট?
প্রথমে উবের অ্যাপ খুলে নিচের Services বিভাগে যেতে হবে। সেখানে Bus & Train অপশন বেছে নিয়ে Train Tickets-এ ক্লিক করতে হবে। এরপর যাত্রার স্থান, গন্তব্য এবং তারিখ দিয়ে ট্রেন খুঁজে নিতে পারবেন।
পছন্দের ট্রেন বেছে নেওয়ার পর আসন, টিকিটের ধরন এবং যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর যোগাযোগের তথ্য দিয়ে Proceed to Pay-এ গিয়ে টাকা মেটালেই বুকিং সম্পূর্ণ হবে।
উবেরের পরিকল্পনা অবশ্য শুধু ট্রেনের টিকিটে থেমে নেই। ইতিমধ্যেই সংস্থার পরিষেবায় ইন্টারসিটি গাড়ি, বাস ও মেট্রো টিকিটের মতো একাধিক বিকল্প রয়েছে। বিভিন্ন রেলস্টেশনেও উবেরের পিক-আপ ও ড্রপ-অফ পরিষেবা বাড়ানো হচ্ছে।
ফলে নতুন এই সুবিধা চালু হলে একজন যাত্রী বাড়ি থেকে স্টেশন পৌঁছনোর ক্যাব, ট্রেনের টিকিট এবং গন্তব্যে পৌঁছে ফের ক্যাব—একই অ্যাপের মাধ্যমে পরিচালনা করতে পারবেন। যাতায়াতকে আরও সহজ এবং এক ছাতার নিচে আনার লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।







