দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে বুলডোজার অভিযান। ভেঙে ফেলা হল একাধিক বেআইনি নির্মাণ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাক হাই কমিশনের বাইরে এবং ভিসা বিভাগের আশপাশে ব্যারিকেড, ধাতব রেলিং-সহ বেশ কিছু কাঠামো তৈরি করা হয়েছিল। এমনকি গেটও নির্মাণ করা হয়েছিল। অভিযোগ, ওই সমস্ত নির্মাণ সরকারি ভাবে অনুমোদিত সীমানার বাইরে ছিল। অভিযোগ পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ করে। বৃহস্পতিবার সকালে বুলডোজার চালিয়ে সরিয়ে দেওয়া হয় সেগুলি।
ইতিমধ্যেই অভিযানের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাক হাই কমিশন চত্বরে ছড়িয়ে রয়েছে ভাঙা রেলিং, ধাতব কাঠামো, প্লাস্টার ও কংক্রিটের টুকরো, ইট-সহ নানা নির্মাণসামগ্রী। চোখে পড়েছে টিনের শেড এবং সাদা ধাতব বেড়াও। তবে পাক হাই কমিশনের মূল ভবন এবং প্রধান প্রবেশপথে কোনও ক্ষতি হয়নি।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে নিরাপত্তার কারণে বসানো ব্যারিকেড সরিয়ে দিয়েছিল পাকিস্তান সরকার। তবে কেন সেই ব্যারিকেড সরানো হল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি ইসলামাবাদ। বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্কও তৈরি হয়। তার মাত্র তিন দিনের মধ্যেই দিল্লিতে পাক হাই কমিশনের বাইরে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার ঘটনা ঘটল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







