আশঙ্কা তৈরি হয়েছিল আগেই। এবার কার্যত সেটাই সত্যি হতে চলেছে। দেশের ফুটবল মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ডায়মন্ড হারবার এফসির নাম। নিজেদের যোগ্যতায় আইএসএলে খেলার সুযোগ অর্জন করেও শুধুমাত্র পার্টিসিপেশন ফি জমা দিতে না পারায় আসন্ন মরশুমে মাঠে নামা হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবটির। ফলে ডায়মন্ড হারবারকে ছাড়াই হতে চলেছে আইএসএল।
বুধবার রাতে ফেডারেশনের তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৬-’২৭ মরশুমের আইএসএলে অংশ নেবে ১৩টি দল। অংশগ্রহণের ফি জমা দেওয়ার শেষ সময় ছিল এদিন দুপুর পর্যন্ত। জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ জমা করতে পারেনি ডায়মন্ড হারবার এফসি। ফলে আইএসএল থেকে বাদ পড়া দলটি যে তারাই, তা কার্যত স্পষ্ট। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, এআইএফএফ এবং ক্লাব জোটের তরফে নিশ্চিত করা হচ্ছে যে আসন্ন মরশুমে ১৩টি ক্লাব অংশ নেবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কয়েক বছর আগে পথচলা শুরু হয়েছিল ডায়মন্ড হারবার এফসির। অল্প সময়ের মধ্যেই দেশের ফুটবল মহলে নজর কাড়ে ক্লাবটি। মাত্র চার বছরের মধ্যেই দেশের সেরা ফুটবল লিগ আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। কিন্তু বাংলায় রাজনৈতিক পালাবদলের পর ছবিটা বদলে যায়। বর্তমানে অর্থসংকটে কার্যত স্তব্ধ ক্লাবের কার্যকলাপ। এমনকি আইএসএলের অংশগ্রহণ ফি বাবদ প্রথম কিস্তির ৫৫ লক্ষ টাকাও জমা দিতে পারেনি ক্লাবটি।
এরই মধ্যে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজ্য সরকারের নজরে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে নিয়ে সরব হয়েছিলেন ইন্দ্রনীল খাঁ। তাঁর দাবি ছিল, ডায়মন্ড হারবার এফসিকে কেন্দ্র করে টাকা তোলা এবং ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ তাঁর কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখার কথাও জানিয়েছিলেন তিনি। তাঁর কাছে ইমেলের মাধ্যমে একাধিক অভিযোগ জমা পড়েছে বলেও দাবি করেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।






