ক্রাইম

জমি বিবাদের জেরে খুন, অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

মুর্শিদাবাদের দৌলতাবাদে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুনের মামলায় বড়সড় রায় দিল আদালত। অভিযুক্ত রাজাব আলী সরকারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, দৌলতাবাদ থানার বাসিন্দা ইসরাফিল সরকার এবং তাঁর আত্মীয় রাজাব আলী সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। কয়েক বছর আগে, ১২ এপ্রিল সকালে ইসরাফিল সরকারের জমিতে কাঁঠাল পাড়তে যান রাজাব আলী। ইসরাফিল তাঁকে কাঁঠাল পাড়তে নিষেধ করলেও অভিযোগ, সেই কথায় কর্ণপাত না করে তিনি জোর করে কাঁঠাল পাড়তে থাকেন।

এই ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযোগ, রাজাব আলী একটি হাঁসুয়া নিয়ে ইসরাফিল সরকারের উপর হামলা চালান। গলায় একাধিক আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসরাফিলের।

ঘটনার পর মৃতের পরিবারের সদস্য আনারুল ইসলাম দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তৎকালীন সাব-ইন্সপেক্টর স্বর্গীয় কালীপ্রসাদ ব্যানার্জির তত্ত্বাবধানে তদন্ত শুরু করে পুলিশ এবং দ্রুত গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি মামলার রায় ঘোষণা হয়। প্রমাণ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রাজাব আলী সরকারকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.