শিখ-বিরোধী দাঙ্গা মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের মৃত্যু হল। তিহাড় জেলে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন তিনি। বৃহস্পতিবার ৮০ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। চিকিৎসার জন্য তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হওয়ার পর দেশজুড়ে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় প্রভাবশালী জাঠ নেতা সজ্জন কুমার, জগদীশ টাইটলার-সহ একাধিক কংগ্রেস নেতার বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে। ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির রাজনগর এলাকায় একটি শিখ পরিবারের পাঁচ সদস্যকে হত্যার পাশাপাশি একটি গুরুদ্বারে আগুন লাগানোর ঘটনায় সজ্জন কুমারের নাম উঠে আসে। দাঙ্গার সময় শিখদের দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও হামলার নিশানা হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওই হিংসায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তবে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি।
দাঙ্গার পর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় সজ্জন কুমারকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা নিয়ে তদন্ত করা বিভিন্ন কমিশন, যার মধ্যে বিচারপতি রঙ্গনাথ মিশ্র কমিশন এবং জৈন-অগরওয়াল প্যানেলও ছিল, তাদের রিপোর্টে সজ্জন কুমারের নাম উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট মামলায় প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর বলবান খোকার, প্রাক্তন নৌসেনা আধিকারিক ক্যাপ্টেন ভাগমল-সহ পাঁচ জনকে দায়রা আদালত দোষী সাব্যস্ত করলেও সজ্জন কুমার বেকসুর খালাস পান।
পরে সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে আবেদন করে সিবিআই। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৮ সালের ১৮ ডিসেম্বর শিখ-বিরোধী দাঙ্গার মামলায় সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। এরপর থেকেই তিহাড় জেলে সাজা কাটছিলেন তিনি। অবশেষে জেলবন্দি অবস্থাতেই মৃত্যু হল প্রাক্তন এই কংগ্রেস সাংসদের।







