ক্রাইম

কিডনি পাচার কাণ্ডে তদন্তে বড়সড় অগ্রগতি! প্রভাসকে জেরা করতেই মিলল ‘কিডনি গ্রহীতা’র হদিশ

কিডনি পাচার মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। ধৃত প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সূত্র। অভিযোগকারী মঙ্গল মণ্ডলের কিডনি শেষ পর্যন্ত কার শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল, সেই তথ্যও পুলিশের হাতে এসেছে বলে জানা যাচ্ছে।

তদন্তে উঠে এসেছে, পাঞ্জাবের মোহালি এলাকার একটি বেসরকারি হাসপাতালে ওই কিডনি এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। বিষয়টি জানতে পেরে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যেই মোহালি থানার সঙ্গে যোগাযোগ করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, গোটা বিষয়টি নিয়ে পাঞ্জাব পুলিশের কাছে মেইল করে বিস্তারিত তথ্য চেয়েছে বিধাননগর পুলিশ।

এরপর মোহালি থানার পুলিশও সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগীর পরিচয় ও চিকিৎসা সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে। তদন্তকারীদের মূল লক্ষ্য, যে ব্যক্তির শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল, তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের আরও গভীরে পৌঁছনো।

পুলিশ জানতে চাইছে, ওই রোগী কীভাবে কিডনিটি পেয়েছিলেন? কার সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল? কিডনি পাওয়ার জন্য কোনও ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল কি না—এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তাঁদের ধারণা, কিডনি গ্রহীতার বক্তব্য সামনে এলে এই চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম প্রকাশ্যে আসতে পারে।

অন্যদিকে, তদন্তে সুকান্তনগরের ত্রিনাথপল্লির ৩০ নম্বর গলির একটি বাড়ির প্রসঙ্গও উঠে এসেছে। পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ না করার জন্য এক সিভিক ভলান্টিয়ারের নাম করে চাপ সৃষ্টি করা হয়েছিল এবং টাকা চাওয়ার অভিযোগও রয়েছে। ওই সিভিক ভলান্টিয়ারের নাম লক্ষ্মণ বিশ্বাস বলে জানা যাচ্ছে। বিষয়টি নিয়েও তদন্তকারীরা তথ্য সংগ্রহ করছেন।

সব মিলিয়ে কিডনি পাচার মামলায় তদন্ত এখন নতুন দিক পেয়েছে। মোহালির হাসপাতালে কিডনি গ্রহীতার পরিচয় এবং তাঁর বক্তব্য হাতে এলে এই চক্রের আরও বড় কোনও নেটওয়ার্কের হদিশ মেলে কি না, এখন সেদিকেই নজর পুলিশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.