গুজরাতের গান্ধীনগর জেলার কালোল এলাকায় এক কলেজ পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের অভিযোগ, এক বিবাহিত মহিলাকে দীর্ঘদিন ধরে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার জেরে পরিকল্পিতভাবে ওই যুবককে খুন করেছেন এক দম্পতি। ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম হার্দিক (২০)। তিনি অভিযুক্ত দম্পতির প্রতিবেশী ছিলেন। অভিযোগ, প্রায় দু’মাস আগে ওই মহিলা স্নান করার সময় তাঁর অজান্তে গোপনে ভিডিও ধারণ করে হার্দিক। পরে সেই ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে বারবার ব্ল্যাকমেল করা হয়। তদন্তকারীদের দাবি, এই ভয় দেখিয়েই অভিযুক্ত যুবক ওই মহিলার উপর চাপ সৃষ্টি করত এবং জোরপূর্বক শারীরিক সম্পর্কেও বাধ্য করেছিল বলে অভিযোগ।
ঘটনার কথা প্রথমে স্বামীর অজানা থাকলেও, পরে বিষয়টি তাঁর সামনে আসে। এরপর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যুবকের বিরুদ্ধে ক্ষোভ থেকেই দম্পতি খুনের পরিকল্পনা করেন।
অভিযোগ, ঘটনার দিন সকালে ওই মহিলা ফোন করে হার্দিককে বাড়িতে ডাকেন। স্বামী বাইরে কাজে গিয়েছেন বলে বিশ্বাস করানো হয়। হার্দিক বাড়িতে পৌঁছনোর কিছুক্ষণ পরেই স্বামী ফিরে এসে তাঁর উপর হামলা চালান। তদন্তকারীদের দাবি, গামছা ও পরে বৈদ্যুতিক তার দিয়ে শ্বাসরোধ করে যুবককে খুন করা হয়। এই ঘটনায় মহিলারও ভূমিকা ছিল বলে অভিযোগ পুলিশের।
খুনের পর দেহ প্লাস্টিকের বস্তায় ভরে মোটরবাইকে করে সরিয়ে ফেলার চেষ্টা করা হয় বলে তদন্তে জানা গিয়েছে। পরে তিন সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে পালানোর পরিকল্পনাও করেছিলেন অভিযুক্তরা। তবে হার্দিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে মৃত্যুর প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে।
বর্তমানে ধৃত দম্পতির বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, ঘটনার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে একটি ভাঙা মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ব্ল্যাকমেল, যৌন নির্যাতনের অভিযোগ এবং খুন—সব দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।







