ধর্মীয় অনুষ্ঠান ঘিরে বচসার জেরে ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশের আজমগড়ে। স্ত্রী এবং দুই পুরোহিতকে গুলি করে হত্যার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এরপর নিজের তিন সন্তানকে ঘরের মধ্যে আটকে রেখে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়। ঘটনায় তার এক সন্তানও প্রাণ হারিয়েছে। অন্য দুই সন্তানকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি আজমগড়ের শম্ভুপুর এলাকার। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রী ববিতা সিংহ (৩২)-কে কয়েক জনের সঙ্গে ধর্মীয় আচার-অনুষ্ঠানে দেখতে পান অরবিন্দ সিংহ। সেখানে উপস্থিত ছিলেন দুই পুরোহিত মহেন্দ্র পাঠক (৬০) এবং অখিলেশ মিশ্র (৫০)। বাড়িতে এত লোকজন কেন, তা নিয়ে প্রশ্ন করেন অরবিন্দ। এরপরই বচসা শুরু হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ, উত্তেজনার মধ্যেই নিজের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান অরবিন্দ। ঘটনাস্থলেই স্ত্রী এবং দুই পুরোহিতের মৃত্যু হয়। এরপর তিন সন্তানকে নিয়ে বাড়ির একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। সন্তানদের ছেড়ে আত্মসমর্পণ করার জন্য বার বার বলা হলেও অরবিন্দ তাতে রাজি হননি বলে পুলিশ সূত্রে খবর। প্রায় ৮-৯ ঘণ্টা ধরে চলে টানটান পরিস্থিতি।
গভীর রাতে ঘরের ভিতর থেকে গুলির শব্দ শোনা যায়। এরপর পুলিশ পাল্টা গুলি চালায়। অরবিন্দ এবং তাঁর এক সন্তান গুলিবিদ্ধ হন। দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। অন্য দুই সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। গুলির ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তের সঙ্গে পরিবারের কোনও পুরনো বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, ঘটনার আগে কয়েক দিন ধরেই ওই বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। তবে ঠিক কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল, তা এখনও স্পষ্ট নয়।







