এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্তকে ৮ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পাশাপাশি দোষী সাব্যস্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানাও দিতে বলা হয়েছে। আলিপুর পুলিশ জেলার শামুকতলা থানার এই ঘটনায় সম্প্রতি মামলার রায় ঘোষণা করেছে আদালত।
ঘটনাটি প্রায় এক বছর আগের। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে বাড়িতে একাই ছিল কিশোরী। তার মা কাজে বেরিয়ে যাওয়ার সুযোগে প্রতিবেশী বিনোদ খড়িয়া বাড়িতে ঢুকে পড়ে এবং কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে বলা হয়।
তবে সন্ধ্যায় মা বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে কিশোরী। মায়ের কাছে সে গোটা ঘটনার কথা জানায়। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শামুকতলা থানার পুলিশ। তৎকালীন সাব-ইনস্পেক্টর এবং বর্তমানে ইনস্পেক্টর দীপঙ্কর সাহা অভিযুক্তকে গ্রেফতার করেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্তের পর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। আদালত অভিযুক্তকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। কিশোরীর উপর সংঘটিত অপরাধের মামলায় এই রায়কে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে।







