খেলাধুলা

মেসিকে আটকে ফাইনালের স্বপ্ন! ইংল্যান্ড-আর্জেন্তিনা মহারণে টুখেলের বিশেষ ছক

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্তিনা। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮টি গোল করে কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন লিওনেল মেসি। কেরিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছেন আর্জেন্তিনার অধিনায়ক। ফলে তাঁকে থামানোর কৌশল নিয়েই সবচেয়ে বেশি ভাবনায় ইংল্যান্ড শিবির। সেই লক্ষ্যেই পুরনো ধাঁচের ম্যান মার্কিং কৌশল প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল।

চলতি বিশ্বকাপে ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ২টি গোল করিয়েছেন মেসি। তাঁর দুর্দান্ত ছন্দ ভাঙতে মরিয়া ইংল্যান্ড। কারণ রবিবারের ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলতে হলে প্রথমে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে থ্রি লায়ন্সদের।

মেসিকে ঘিরে বিশেষ পরিকল্পনা

মেসির খেলার ধরন নিয়ে ইতিমধ্যেই বিস্তর বিশ্লেষণ করেছে ইংল্যান্ডের কোচিং স্টাফ। টুখেলের মতে, বল পেলেই মেসি দ্রুত ফাঁকা জায়গা খুঁজে নেন এবং বাঁ-পায়ের জন্য সামান্য জায়গা তৈরি করেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তিনি বলেন, “আমরা ওদের খেলার ধরন নিয়ে অনেক বিশ্লেষণ করেছি। কিন্তু একটি রাস্তা বন্ধ করলেও মেসি অন্য পথ বের করে নেয়। এটাই ওর সবচেয়ে বড় শক্তি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং মেসির মতো ফুটবলারের বিরুদ্ধে খেলাটা বিশেষ অভিজ্ঞতা।”

সেমিফাইনালে ওঠার পথও সহজ ছিল না ইংল্যান্ডের। ডিআর কঙ্গো, মেক্সিকো ও নরওয়ের মতো প্রতিপক্ষকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। তবে চোটের কারণে জর্ডন হেন্ডারসন এবং নির্বাসনের জন্য জ্যারেল কোয়ানসাকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না ইংল্যান্ড।

স্কালোনির ভরসা নিজেদের ফুটবল

অন্যদিকে আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনিও প্রতিপক্ষকে ঠেকানোর নিজস্ব পরিকল্পনা তৈরি করেছেন। তাঁর মতে, শুধু লড়াইয়ের মানসিকতা নয়, নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারলেই সাফল্য আসবে।

কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে আর্জেন্তিনা। স্কালোনি বলেন, “প্রত্যাশা অনেক। তবে আমাদের নিজেদের ফুটবলটাই খেলতে হবে। বলের দখল ধরে রাখতে পারলে আমরা সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠি।”

ইংল্যান্ডের হ্যারি কেন ও জুড বেলিংহ্যামকে নিয়ে সতর্ক আর্জেন্টাইন কোচ। তাঁর কথায়, “ওরা বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। যে কোনও কোচই ওদের দলে চাইবেন। তবে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে, সেটাই কাজে লাগিয়ে ওদের প্রভাব কমানোর চেষ্টা করব।”

ফুটবলের লড়াই, ইতিহাস নয়

ইংল্যান্ড ও আর্জেন্তিনার মুখোমুখি লড়াই মানেই ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। তবে দুই দলের কোচই স্পষ্ট জানিয়েছেন, অতীতের সেই রাজনৈতিক ইতিহাসকে তাঁরা মাঠের খেলায় টেনে আনতে চান না।

টুখেল বলেন, “এই ইতিহাসকে আমরা কোনওভাবেই প্রেরণা হিসেবে ব্যবহার করছি না। আমরা জানি কেন এখানে এসেছি—জয়ের জন্য। প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান করি এবং পুরনো ঘটনা নিয়ে অযথা বিতর্ক তৈরি করতে চাই না।”

একই সুর শোনা গিয়েছে স্কালোনির গলাতেও। তাঁর বক্তব্য,”এটা শুধুই একটি ফুটবল ম্যাচ। অতীতের ঘটনাকে যথাযোগ্য সম্মান জানিয়েই বলছি, সেই ইতিহাস আর এই ম্যাচকে একসঙ্গে মেলানো ঠিক নয়। ফকল্যান্ড যুদ্ধ আমাদের ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়, কিন্তু মাঠে আমরা শুধু ফুটবল নিয়েই ভাবছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.