প্রতিদিনের রান্নায় একই পদ খেতে খেতে একঘেয়েমি লাগছে? অথচ বেশি সময় নিয়ে রান্না করারও ইচ্ছে নেই? তাহলে আজই বানিয়ে ফেলতে পারেন ঝালঝাল ডিম ভর্তা। গরম ভাতের সঙ্গে এই পদ একেবারে জমে যাবে। কম উপকরণ, কম সময় আর স্বাদে দুর্দান্ত—দুপুরের খাবারে সহজেই মন জিতে নেবে এই পদ।
ডিম ভর্তা বানাতে যা লাগবে
সেদ্ধ ডিম — ৪টি
পেঁয়াজ কুচি — ২টি
কাঁচালঙ্কা কুচি — ৩-৪টি
শুকনো লঙ্কা — ২টি
রসুন — ৩-৪ কোয়া
ধনেপাতা কুচি — সামান্য
সর্ষের তেল — ১-২ টেবিল চামচ
নুন — স্বাদমতো
হলুদ — সামান্য
লেবুর রস — ১ চা চামচ
যেভাবে বানাবেন
প্রথমে ডিমগুলি ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর একটি প্যানে সামান্য সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ও রসুন দিয়ে হালকা ভেজে নিন। চাইলে কাঁচালঙ্কাও দিয়ে দিতে পারেন।
এবার একটি বড় পাত্রে সেদ্ধ ডিমগুলি নিয়ে হাত বা চামচ দিয়ে ভালো করে চটকে নিন। তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, ভাজা রসুন ও শুকনো লঙ্কা দিয়ে মিশিয়ে দিন।
এরপর স্বাদমতো নুন, সামান্য হলুদ, ধনেপাতা এবং লেবুর রস দিন। সবশেষে কাঁচা সর্ষের তেল ঢেলে ভালো করে মেখে নিন। সর্ষের তেলের ঝাঁঝ আর ডিমের স্বাদ মিলিয়ে তৈরি হবে দুর্দান্ত ডিম ভর্তা।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে উপরে আরও সামান্য কাঁচা সর্ষের তেল ও কাঁচালঙ্কা ছড়িয়ে দিতে পারেন। ব্যস, অল্প সময়েই তৈরি একেবারে ঘরোয়া অথচ মুখরোচক পদ!







