ভারতীয় ক্রিকেটের পরিধি আরও বিস্তৃত হতে চলেছে। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ক্রিকেটের মূল স্রোতে আনার উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী ১৮ সেপ্টেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলা বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই কেন্দ্রশাসিত অঞ্চলকে অ্যাসোসিয়েট সদস্যপদ দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা।
বর্তমানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ক্রিকেটের প্রসার ও উন্নয়নের কাজ করছে স্থানীয় সংস্থা ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্দামান অ্যান্ড নিকোবর’। তবে এখনও পর্যন্ত সংস্থাটি বিসিসিআইয়ের আনুষ্ঠানিক সদস্য নয়। ৮০০-রও বেশি ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত এই দুর্গম অঞ্চলে ক্রিকেটকে আরও সংগঠিতভাবে ছড়িয়ে দেওয়ার বিষয়ে এবারই প্রথম সরাসরি পদক্ষেপ করতে চলেছে বোর্ড।
এই বিষয়ে ইতিমধ্যেই সমস্ত সদস্য সংস্থাকে নোটিস পাঠিয়ে মতামত চাওয়া হয়েছে। সাধারণ সভার আলোচ্যসূচিতে উল্লেখ রয়েছে, ‘কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে অ্যাসোসিয়েট সদস্যপদ প্রদান।’
প্রস্তাবটি সাধারণ সভায় অনুমোদিত হলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়মিত ক্রিকেট ম্যাচ আয়োজনের উদ্যোগ নেবে বিসিসিআই। পাশাপাশি ক্রিকেটের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি, প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থাও করা হবে।
তবে এই প্রক্রিয়ায় এখনই কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। আপাতত আন্দামানের দল বা ক্রিকেটারদের সরাসরি দেশের ঘরোয়া ক্রিকেটের মূল প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হবে না। বর্তমানে বিসিসিআইয়ের আয়োজিত বার্ষিক ঘরোয়া প্রতিযোগিতায় মোট ৩৮টি দল অংশ নেয়। জানা যাচ্ছে, পর্যাপ্ত পরিকাঠামো ও প্রশিক্ষণের মাধ্যমে আন্দামানের ক্রিকেটারদের ধাপে ধাপে তৈরি করা হবে। পরবর্তীতে তাঁদের মূল ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আন্দামান-নিকোবরের সদস্যপদের পাশাপাশি সেপ্টেম্বরের সাধারণ সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে। আইসিসিতে বিসিসিআইয়ের নতুন প্রতিনিধি বা প্রতিনিধিদের মনোনয়নও ওই সভাতেই করা হবে।
এছাড়াও আইপিএলের গভর্নিং কাউন্সিলে সাধারণ সদস্যদের মধ্যে থেকে দু’জন প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাভুটি হওয়ার কথা। একইসঙ্গে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধিকেও আইপিএল গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হবে।
ফলে প্রশাসনিক ক্ষেত্রে সম্ভাব্য পরিবর্তনের পাশাপাশি দেশের নতুন অঞ্চলে ক্রিকেটের বিস্তার—দুই দিক থেকেই সেপ্টেম্বরের বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।







