রোজকার মতোই জিম সেরে বেরিয়েছিলেন। নিজের স্করপিওর দিকে এগিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁকে ঘিরে ধরে বন্দুকবাজরা। চোখের পলকে পরপর গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রায় ১৮ রাউন্ড গুলির হামলায় প্রাণ হারালেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। বয়স হয়েছিল ৩২ বছর।
ঘটনাটি উত্তরপ্রদেশের শামলির কোতোয়ালি এলাকার। প্রত্যক্ষদর্শীদের দাবি, জিমের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল চারজন দুষ্কৃতী। অঙ্কিত বাইরে আসতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। প্রাণ বাঁচাতে গাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন শিল্পী। কিন্তু হামলাকারীদের একজন গাড়ির দরজা টেনে খুলে খুব কাছ থেকে গুলি চালায়।
হামলায় অঙ্কিতের মাথা ও পেটে একাধিক গুলি লাগে। গাড়ির সামনের কাচেও গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। হামলার পর আততায়ীরা পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অঙ্কিতকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের পাশাপাশি ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও অনুগামীরা। দিল্লি-মুজফ্ফরনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। সেই সময় রাস্তার উপর ছেলের দেহ কোলে নিয়ে মায়ের কান্নার দৃশ্য দেখে চোখে জল আসে উপস্থিত সকলের। ভিড়ের দিকে হাতজোড় করে তিনি বলতে থাকেন, “চিৎকার কোরো না, আমার ছেলে এখন ঘুমোচ্ছে।”
শামলির বান্তিখেরা গ্রামের বাসিন্দা অঙ্কিত সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তাঁর ‘ভরি কোর্ট মেঁ গোলি মারেঙ্গে মেরি জান’ গানটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সূত্রের খবর, সামনে জেলা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেরঠ জোনের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। হামলাকারীদের সন্ধানে একাধিক পুলিশ দল তৈরি করা হয়েছে। জিম ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুরনো কোনও শত্রুতা, ব্যক্তিগত বিবাদ কিংবা হরিয়ানার কোনও যোগ—কোন কারণে এই হামলা, তা জানতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তবে ১৮ রাউন্ড গুলির এই হামলার নেপথ্যে আসল কারণ এখনও রহস্যেই।







