খেলাধুলা

জেলে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, বাবার জীবন নিয়ে আশঙ্কা দুই ছেলের

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দুই ছেলে সুলেমান ও কাসিম খান। তাঁদের দাবি, ৭৩ বছর বয়সি ইমরান কারাগারে থাকাকালীন ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে বাবার জীবন নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। অনলাইনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ইমরানের ছেলেরা অভিযোগ করেন, তাঁর চিকিৎসা নিয়ে পাকিস্তান সরকার সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য করছে।

আদালত ইমরানকে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছিল। একইসঙ্গে তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশের পরেও ইমরানকে গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্যে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পাকিস্তান সরকারের তরফে দাবি করা হয়, তিনি সুস্থ রয়েছেন। তবে সরকারের সেই বক্তব্য মানতে নারাজ তাঁর দুই ছেলে।

কাসিম খান বলেন, বর্তমানে তাঁদের মনে হচ্ছে, কারাগারে বন্দি অবস্থায় বাবার বেঁচে থাকার সম্ভাবনার তুলনায় তাঁকে হারানোর আশঙ্কাই বেশি। ইমরানের আইনজীবী জ্যারেড জেনসারও কারাগারে তাঁর পরিস্থিতিকে ‘বীরের মৃত্যু’র সঙ্গে তুলনা করেছেন। তাঁর দাবি, ইমরানকে মাত্র ১.৮ মিটার বাই ২.৪ মিটার মাপের একটি ছোট সেলে রাখা হয়েছে। সেখানে প্রতিদিন প্রায় ২৩ ঘণ্টা তিনি প্রাকৃতিক আলো থেকে বঞ্চিত থাকেন। কার্যত তাঁকে একাকী বন্দি করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন আইনজীবী।

দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন ইমরান খান। চোখের সমস্যা-সহ তাঁর আরও বেশ কিছু অসুস্থতা রয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য তাঁকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ তাঁর পরিবারের।

ইমরানের দুই ছেলেও জানিয়েছেন, তাঁরা এখনও পাকিস্তানে গিয়ে বাবার সঙ্গে দেখা করার অনুমতি পাননি। ২০২২ সালের নভেম্বর মাসে শেষবার তাঁরা ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ২০২৩ সালে রাষ্ট্রীয় তথ্য ফাঁস ও দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। তবে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করে এসেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.