খেলাধুলা

কার্লসেনকে হারিয়েও নির্বিকার, দিল্লির কিশোরের কাণ্ডে অবাক পরিবার

বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারানো যে কোনও দাবাড়ুর কাছেই স্বপ্নপূরণের মতো। এমন জয় এলে কেউ আনন্দে আত্মহারা হন, কেউ আবার উৎসবে মেতে ওঠেন। কিন্তু দিল্লির ১৫ বছরের কিশোর বন্দন অলঙ্কার সাওয়াইয়ের প্রতিক্রিয়া ছিল একেবারেই অন্যরকম। অনলাইনে ম্যাগনাস কার্লসেনকে হারিয়েও তার মধ্যে কোনও উচ্ছ্বাস দেখা যায়নি। চারটি ম্যাচ খেলার পর ক্লান্ত হয়ে সোজা ঘুমিয়ে পড়ে সে। পরিবার বা কোচ—কাউকেই নিজের কীর্তির কথা জানানোর প্রয়োজন মনে করেনি। পরদিন অনলাইনে খোঁজ করতে গিয়ে বন্দনের বাবা জানতে পারেন, তাঁর ছেলে হারিয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নকে।

গত ১৮ অগস্ট Chess.com-এর ‘টাইটেলড টুয়েসডে’ ব্লিটজ টুর্নামেন্টেই ঘটে এই চমকপ্রদ ঘটনা। বন্দনের ক্লাসিক্যাল রেটিং ২২৮৮, সেখানে কার্লসেনের রেটিং ২৮২৩। এত বিশাল রেটিং ব্যবধানও অবশ্য দিল্লির কিশোরের আত্মবিশ্বাসে কোনও প্রভাব ফেলেনি।

আরও মজার বিষয়, শুরুতে এই টুর্নামেন্টে খেলতেই রাজি ছিল না বন্দন। তার মা ডঃ মাধুরী অলঙ্কার সাওয়াই জানান, তিনি ও তাঁর স্বামী বাড়িতেই ছিলেন। তখন বন্দন এসে শুধু জানায় যে সে একটি টুর্নামেন্ট খেলেছে। বাবার জোরাজুরিতে পরে জানায়, সেই প্রতিযোগিতাতেই কার্লসেনের বিরুদ্ধে খেলেছে এবং তাঁকে হারিয়েছে। মাধুরীর কথায়, বন্দন আদৌ খেলতে চাইছিল না। বাবা-মায়ের জোরেই শেষ পর্যন্ত তাকে খেলতে বসতে হয়। এমনকী বন্দনের কোচ গুরপ্রীত পাল সিংও এই জয়ের কথা জানতে পারেন পরের দিন।

কার্লসেনের বিরুদ্ধে ম্যাচটি ছিল পাঁচ মিনিটের ব্লিটজ। দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হয় দু’জন। তবে বিশ্বের সেরা দাবাড়ুর সামনে একটুও নার্ভাস হয়নি বন্দন। নিজের পরিচিত ‘e4’ চাল দিয়েই খেলা শুরু করে সে। কার্লসেনের ‘e5’ জবাবের পর ম্যাচ এগোয় ‘গিউকো পিয়ানো’ ওপেনিংয়ে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকে বন্দন। তার বিশপের চাপে ক্রমশ সমস্যায় পড়ে যান কার্লসেন। একসময় বাধ্য হয়ে ঘুঁটি হারাতে হয় নরওয়ের তারকাকে।

বন্দনের কথায়, কার্লসেনের ওই ভুল চাল দেখে সে নিজেই অবাক হয়ে গিয়েছিল। তার হারানোর কিছু ছিল না, বরং পাওয়ার ছিল অনেক কিছু। তাই সাদা ঘুঁটি নিয়ে স্বচ্ছন্দে খেলাটাই লক্ষ্য ছিল তার। শেষ পর্যন্ত ৫০তম চালে হার মেনে নেন কার্লসেন।

তবে এমন ঐতিহাসিক জয়ের পরেও বন্দনের আচরণে কোনও পরিবর্তন আসেনি। ম্যাচ জেতার পরেও সে আরও দু’টি ম্যাচ খেলে। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় এবং একটিতে হার—এই ফলাফলের পর ক্লান্ত শরীর নিয়ে সোজা ঘুমিয়ে পড়ে কিশোরটি। বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর আনন্দ উদ্‌যাপনের কথা যেন তার মাথাতেই ছিল না।

বন্দনকে গত সাত বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন কোচ গুরপ্রীত পাল সিং। তাঁর মতে, দাবার বোর্ডে বন্দন অত্যন্ত আক্রমণাত্মক হলেও ব্যক্তিগত জীবনে সে ভীষণ শান্ত এবং কম কথা বলে। ছোটবেলায় মায়ের কাছ থেকেই দাবার প্রাথমিক পাঠ নেয় সে। মাধুরী নিজে তাঁর ভাইয়ের সঙ্গে দাবা খেলতেন। সেখান থেকেই ছেলের দাবার প্রতি আগ্রহ তৈরি হয়। তাঁর দাবি, খুব দ্রুত খেলাটি আয়ত্ত করে ফেলেছিল বন্দন। এক-দু’চালের কিস্তিমাতের ধাঁধাও সে অনায়াসে সমাধান করে ফেলত।

তবে বন্দনের আগ্রহ শুধু দাবাতেই সীমাবদ্ধ নয়। পড়াশোনাতেও সে যথেষ্ট মেধাবী। সিনেমা দেখা বা গল্পের বই পড়ার চেয়ে যুদ্ধের ইতিহাস পড়তেই বেশি পছন্দ তার। ভবিষ্যতে দাবাকেই পেশা হিসেবে বেছে নেবে কি না, সে বিষয়েও এখনও নিশ্চিত নয়। আপাতত তার লক্ষ্য ইন্টারন্যাশনাল মাস্টার হওয়া।

বন্দনের কথায়, ভবিষ্যতে দাবা তার পূর্ণ সময়ের পেশা হবে কি না, তা এখনই বলতে পারছে না। কারণ তার বয়সেই অনেকে গ্র্যান্ডমাস্টার হয়ে যাচ্ছে। ইতিহাস কিংবা রাষ্ট্রবিজ্ঞান নিয়েও পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার।

কার্লসেনকে হারানোর মতো সাফল্য নিয়ে যেখানে দীর্ঘদিন আলোচনা করা যায়, সেখানে বন্দনের এমন নির্লিপ্ত মনোভাবই যেন তাকে আরও আলাদা করে তুলেছে। নীরবে নিজের কাজ করে যাওয়াতেই যেন বেশি স্বচ্ছন্দ এই দিল্লির কিশোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.