কাশ্মীরের বৈসরনের মাটিতে যেই হত্যা লীলা চালিয়েছিল জঙ্গিরা তারপরেই প্রতিবাদের আগুনে ফুসছিলো গোটা দেশ । সেই আগুন বর্তমানে অনেকটাই শান্ত, কারণ ৭ই মে ভোর রাতে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। গোটা দেশ যখন ঘুমিয়ে ঠিক তখনই পাই টু পাই হিসাব বুঝে নেয় ভারতীয় সেনা। আর তারপরেই দেশে যখন যুদ্ধকালীন পরিস্থিতি ঠিক তখনই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বৈঠক করেন বাংলা সহ বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে লেখেন, “জয় হিন্দ, জয় ভারত।”
বুধবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময়ে আমাদের মধ্যে যেন কোনও বিভেদ না থাকে। সবার সঙ্গে যোগাযোগ থাকবে, প্যানিক হওয়ার কারণ নেই। কারও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটা দেশকে রক্ষা করার সময়। জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ, এসপি, ডিএম, বিডিও সকলকেই সতর্ক করা হয়েছে। মোবিলিটি বাড়ানোর কথা বলা হয়েছে। ভিজিলেন্সও বাড়ানো হয়েছে। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংলিশ মিডিয়াম স্কুল গুলির গরমের ছুটি এগিয়ে আনার কথাও বলেন। তিনি বলেন, “কোনও লিখিত বার্তা দিচ্ছি না। মৌখিক ভাবেই জানাচ্ছি। যদি ছুটি এগিয়ে আনা যায়, বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকেই পড়াশোনা করুক। বাংলা মিডিয়ামে যেমন আগেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে।”







