রাজনীতি

ক্যামাক স্ট্রিটের ধুন্ধুমার এবার থানায়! অভিষেক-সহ তৃণমূলের একাধিক হেভিওয়েটের নামে FIR, গ্রেফতার ১৩

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের বিলবোর্ড খোলা ঘিরে বৃহস্পতিবার যে উত্তেজনা ছড়িয়েছিল, তার আঁচ এবার পৌঁছল থানায়। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, হাতাহাতি থেকে বিলবোর্ড ভাঙা—একাধিক অভিযোগে ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে। আর সেই FIR-এই নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কালীঘাটের একাধিক শীর্ষ নেতার।

ঘটনাকে কেন্দ্র করে শেক্সপিয়র সরণি থানায় দু’টি এবং পার্ক স্ট্রিট থানায় একটি মামলা দায়ের হয়েছে। শেক্সপিয়র সরণি থানার এক আধিকারিকের অভিযোগ এবং কলকাতা পুরসভার অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া দুই মামলাতেই নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার। অন্যদিকে, পার্ক স্ট্রিট থানার এক আধিকারিকের দায়ের করা মামলাটি হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে।

কী কী অভিযোগ?

পুলিশের অভিযোগের তালিকা বেশ লম্বা। কর্তব্যরত পুলিশ ও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হুমকি, বেআইনি জমায়েত, হিংসাত্মক কার্যকলাপ এবং পুলিশকর্মীদের মারধরের মতো অভিযোগে মামলা হয়েছে। চুরির অভিযোগও রয়েছে। একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের আরও অভিযোগ, ক্যামাক স্ট্রিটের অফিসে যাওয়া এক মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। ফলে ঘটনার গুরুত্ব আরও বেড়েছে।

কী হয়েছিল ক্যামাক স্ট্রিটে?

বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে পৌঁছন কলকাতা পুরসভার আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। অভিযোগ ছিল, অফিসের উপরে লাগানো তৃণমূলের বিলবোর্ডটি বেআইনি।

অন্যদিকে, অভিষেকের দাবি ছিল, প্রয়োজনীয় নথি ছাড়াই বিলবোর্ড খুলতে এসেছিল পুরসভা। এই নিয়েই শুরু হয় তীব্র বাদানুবাদ। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও হাতাহাতির অভিযোগ ওঠে। পুলিশকে অফিসের ভিতরে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগও সামনে আসে।

শেষপর্যন্ত পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার আধিকারিকরা অফিসের উপরে উঠে বিলবোর্ডটি খুলে দেন।

পুলিশের বিরুদ্ধে পাল্টা সরব অভিষেক

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তাঁর অভিযোগ, পুলিশ ‘অবৈধভাবে দাদাগিরি’ করছে এবং বিজেপির নির্দেশে কাজ করছে। তাঁর প্রশ্ন, শহরের বিভিন্ন জায়গায় বিজেপির হোর্ডিং থাকলেও সেগুলি সরাতে কেন পুলিশ বা পুরসভা একইভাবে সক্রিয় হচ্ছে না।

একদিকে তৃণমূলের অভিযোগ, অন্যদিকে পুলিশের FIR এবং গ্রেফতার—ক্যামাক স্ট্রিটের এই ঘটনাকে ঘিরে এবার আরও চড়ল রাজনৈতিক উত্তাপ। তদন্ত কোন দিকে এগোয়, আর FIR-এ নাম থাকা নেতাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.