রাখির উৎসবে তারকাদের বাড়িতে এখন সাজ সাজ রব। এরই মাঝে সলমন খান ও তাঁর বোন অর্পিতা খান শর্মার রাখি উদযাপনের একটি মুহূর্ত নজর কেড়েছে অনুরাগীদের। ভাইয়ের হাতে রাখি পরানোর সেই চেনা আবেগঘন দৃশ্যের মধ্যেই যেন লুকিয়ে ছিল অন্য এক বার্তা।
শুক্রবার রাতে প্রকাশ্যে আসে সেই ভিডিও। সেখানে দেখা যায়, সলমনের হাতে ভালোবাসায় রাখি পরিয়ে দিচ্ছেন অর্পিতা। ভাই-বোনের এই সুন্দর মুহূর্তের পাশাপাশি নেটিজেনদের নজর আটকে যায় ঘরের দেওয়ালে থাকা যিশু খ্রিস্টের ‘দ্য লাস্ট সাপার’-এর ছবিতে। আর তা নিয়েই শুরু হয় জোর চর্চা।
অনুরাগীদের একাংশের মতে, ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির যে বার্তা সলমন বরাবরই দিয়ে এসেছেন, এই দৃশ্য যেন তারই প্রতিচ্ছবি। কেউ লিখেছেন, “হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান—সবাই ভাই ভাইয়ের বার্তা যেন ফুটে উঠেছে এই ছবিতে।” আবার কেউ মজা করে সলমনকে ‘ধর্মনিরপেক্ষতার আল্ট্রা প্রো ম্যাক্স’ বলেও মন্তব্য করেছেন।
খান পরিবারের উৎসব উদযাপনেও বরাবরই দেখা যায় নানা ধর্মের সংস্কৃতির মেলবন্ধন। ইদের পাশাপাশি তাঁদের বাড়িতে গণপতি পুজোর আয়োজনও হয়। সলমন নিজেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর পরিবারে বিভিন্ন ধর্মীয় সংস্কৃতির মানুষের সহাবস্থান রয়েছে।
এদিনও তাই রাখির একটি সাধারণ পারিবারিক মুহূর্ত নেটদুনিয়ায় হয়ে উঠল আলোচনার বিষয়। ভাইয়ের কবজিতে বোনের ভালোবাসার রাখি, দেওয়ালে যিশুর ছবি—দুই মিলিয়ে অনুরাগীদের চোখে এটি শুধু রাখি উদযাপনের দৃশ্য নয়, বরং ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক।
রাখির সাজ নিয়ে যখন বলিউডে নানা বিতর্ক চলছে, ঠিক তখন সলমন-অর্পিতার এই মুহূর্তে নেটপাড়ার একাংশের বার্তা স্পষ্ট—উৎসবের আসল সৌন্দর্য বিভাজনে নয়, একসঙ্গে থাকার আনন্দে।






