অফবিট

রোজ ওট্‌স খেতে খেতে বিরক্ত? সকালের পাতে আনুন ৩ প্রোটিনসমৃদ্ধ পদ, রইল সহজ রেসিপিও

স্বাস্থ্যকর প্রাতরাশ মানেই কি প্রতিদিন ওট্‌স, স্মুদি কিংবা চিলা? দিনের পর দিন একই খাবার খেতে খেতে অনেকেরই সকালের জলখাবার একঘেয়ে হয়ে যায়। আবার ওট্‌স অনেকেরই পছন্দ নয়। তাই স্বাদে বদল আনতে রন্ধনশিল্পীরা দেখাচ্ছেন এমন কয়েকটি স্বাস্থ্যকর প্রাতরাশের হদিস, যেগুলি সুস্বাদু হওয়ার পাশাপাশি প্রোটিনেও ভরপুর।

মুগ ইডলি:
সকালের পাতে ইডলি রাখতে চাইলে এবার চালের বদলে বেছে নিতে পারেন মুগ ডাল। ভেজানো মুগ ডালের সঙ্গে টক দই, আদা, কাঁচালঙ্কা ও কারিপাতা মিশিয়ে মিহি করে বেটে নিন। তার সঙ্গে গাজর, ধনেপাতা ও ফোড়নের মিশ্রণ যোগ করে শেষে সামান্য ফ্রুট সল্ট বা বেকিং সোডা দিন। ইডলি স্ট্যান্ডে ভাপে তৈরি করে নিন। টম্যাটো-রসুন-কাঁচালঙ্কার চাটনির সঙ্গে জমবে দারুণ।

পনির চিলা:
বেসন নয়, এবার চিলার মূল উপকরণ হোক পনির। গরম তাওয়ায় পনির গ্রেট করে পাতলা করে ছড়িয়ে দিন। দু’মিনিট ঢেকে রান্না করার পর তার উপর দিতে পারেন চিজ়, টম্যাটো, ধনেপাতার চাটনি এবং অ্যাভোকাডো। চাইলে ভাজা মাশরুমও যোগ করতে পারেন। শেষে ভাঁজ করে গরম গরম পরিবেশন করুন।

সবুজ চিঁড়ের পোলাও:
চিঁড়েকে আরও সুস্বাদু করে তুলতে বানিয়ে ফেলুন সবুজ পোলাও। ধনেপাতা, পুদিনা, রসুন, কাঁচালঙ্কা, জিরে, নারকেল ও পাতিলেবুর রস দিয়ে তৈরি করুন সবুজ মশলা। সর্ষের ফোড়নে পেঁয়াজ ভেজে সেই মশলা দিয়ে রান্না করুন। এরপর ভেজানো মোটা চিঁড়ে দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। উপর থেকে ভাজা কাজুবাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

অর্থাৎ, স্বাস্থ্যকর খাবার মানেই স্বাদের সঙ্গে আপস নয়। ওট্‌সের একঘেয়েমি কাটিয়ে এই পদগুলি ঘুরিয়ে-ফিরিয়ে রাখতেই পারেন সকালের মেনুতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.