কলকাতা

প্রধানমন্ত্রীর কার্টুন বিতর্কে শ্রীলেখাকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের, ২৪ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত কার্টুন-সংক্রান্ত মামলায় আপাতত স্বস্তি পেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া কোনও মামলাতেই এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দেয়।

গত জুলাইয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে কলকাতায় একটি মিছিলে যোগ দিয়েছিলেন শ্রীলেখা। তাঁর হাতে থাকা একটি পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত ও আপত্তিকর কার্টুন দেখা যায়। বিষয়টি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। বিজেপির পক্ষ থেকেও এর প্রতিবাদ জানানো হয়। দলের নেত্রী তথা মুখপাত্র কেয়া ঘোষ আনন্দপুর ও বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(২) এবং ৩৫৬(৩) ধারায় কলকাতা পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়।

এদিন মামলার শুনানিতে আদালত জানায়, আপাতত শ্রীলেখাকে গ্রেফতার করা যাবে না। তবে তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যদিও মামলাগুলি খারিজ করেনি আদালত।

বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন মন্তব্য করেন, ভিন্ন ধর্ম বা জাতির বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগ থাকলে ফৌজদারি আইনের বিভিন্ন ধারা প্রয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি শ্রীলেখাকে সতর্কও করেন তিনি। বিচারপতির প্রশ্ন, একজন সুস্থ নাগরিক কেন এমন ছবি পোস্ট করবেন? কার্টুন হোক বা অন্য কিছু, এমন ছবি ‘ডিস্ট্রেস্ফুল’ বলেও মন্তব্য করেন তিনি।

আদালতের পর্যবেক্ষণ, শ্রীলেখা হাতে কদর্য ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সাজা হতে পারে। সেই কারণেই তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁকে আপাতত রক্ষাকবচ দেওয়া হচ্ছে।

শ্রীলেখার হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানাতেই শ্রীলেখা কার্টুন আঁকা একটি বোর্ড হাতে নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগ দায়ের হয়েছে। সেই সমস্ত এফআইআর খারিজের আবেদন জানানো হয়েছে আদালতে। আইনজীবী আরও জানান, আনন্দপুর থানার তলবে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন অভিনেত্রী।

রাজ্যের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, শ্রীলেখা একটি রুচিহীন ছবি আপলোড করেছিলেন এবং সেই ছবিতে উস্কানির উপাদান রয়েছে। পাল্টা যুক্তিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কোনও ছবি রুচিহীন হওয়া নিজে থেকে অপরাধের পর্যায়ে পড়ে না।

এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে, শ্রীলেখার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা একত্রিত করে তদন্ত করতে হবে। আনন্দপুর থানায় দায়ের হওয়া মামলার সঙ্গে বাকি অভিযোগগুলিও যুক্ত করে তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিনেত্রী তদন্তে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তদন্তের প্রয়োজনে তাঁকে তলব করতে হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে পুলিশকে।

তবে শ্রীলেখা তদন্তে সহযোগিতা না করলে বিষয়টি আদালতকে জানাতে পারবে পুলিশ। পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্টও আদালতে জমা দিতে হবে।

আপাতত আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত শ্রীলেখা মিত্রের রক্ষাকবচ বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.