ফের শীতের সকালে দুর্নীতির তদন্তে তৎপর ইডি আধিকারিকরা। আজ সকাল থেকে একযোগে সল্টলেক সেক্টর ফাইভ, চৌরঙ্গি-সহ কলকাতার ৪টি জায়গায় হানা কেন্দ্রীয় সংস্থার।ইডি সূত্রে খবর,’ ইডি রেশন দুর্নীতিতে ধৃত শঙ্কর আঢ্যকে দফায় দফায় জেরায় একাধিক তথ্য হাতে পাওয়ার পর এই তল্লাশি অভিযান চালাচ্ছে। বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে তাঁর।’তবে কি রেশন দুর্নীতির কালো টাকা সাদা হতো শঙ্করের বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসার হাত ধরেই? তারই ভিত্তিতে এদিন শঙ্কর আঢ্যর চাটার্ড অ্যাকউন্ট্যান্ট অরবিন্দ সিংয়ের সল্টেলেক সেক্টর ফাইভের অফিসে হানা দেয় ইডি। যদিও এখনও পর্যন্ত এব্যাপারে পাকা কোনও প্রমাণ হাতে আসেনি। তবে সন্দেহ বাড়ছে কেন্দ্রীয় সংস্থার। সেই কারণেই শঙ্কর আঢ্যর সিএ-র অফিসে হানা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রেশন দুর্নীতির তদন্তের জাল গোটাতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাকিবুর রহমান থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক তারপর সর্বশেষ জালে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান তথা দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। এদিকে শঙ্কর আঢ্যর দাবি,”আমাদের ব্যবসায় বিপুল টাকার লেনদেন অস্বাভাবিক ঘটনা নয়।”
আজ সকালে শঙ্কর আঢ্যর চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অরবিন্দ সিংয়ের অফিসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই চলে ইডি অভিযান। আগেই সিল করে দেওয়া কলকাতার চৌরঙ্গি লেনে শঙ্কর আঢ্যর একটি অফিসে হানা দেয় ইডি। এছাড়াও এদিন রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে কলকাতার আরও কয়েকটি জায়গায় এদিন হানা দিয়েছে ইডি।







