বিভিন্ন মামলা মোকাদ্দমার জন্য কলকাতা হাইকোর্টে আসেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন। অনেকেই আছেন যারা ইংরেজি জানেন না, বোঝেন না। উল্টে ইংরেজি বুঝতে না পারার ফলে অনেক সমস্যার সন্মুখীন হতে হয় তাঁদের।
সেই সব মানুষদের সুবিধার্থে এবার কলকাতা হাইকোর্টে বাংলা ভাষাতেই শুনানি হবে। এমনটাই জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।অন্তত নিজের এজলাসে মাতৃভাষায় শুনানি চালু করবেন তিনি।
সোমবার একটি মামলার শুনানিতে একথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য এক যুবক বোনের বিয়ের জন্য আড়াই লাখ টাকা জমিয়েছিলেন। একটি মামলায় তার কাছ থেকে আইনজীবী সেই যুবককে ভুল বুঝিয়ে মামলার ফাইলিং করার জন্য এক লাখ টাকা নিয়ে নেয় বলে অভিযোগ। আবার আদালতের নির্দেশের কপি নেওয়ার জন্যও ওই ব্যক্তির কাছ থেকে আরও এক লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই মামলার শুনানিতে এদিনে এজলাসে আইনজীবী কল্লোল বসুর উদ্দেশে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন “গরিব মানুষ গুলোর ভুলটা কী? তাঁরা ইংরেজি ভাষায় দক্ষ নয় বলেই পদে পদে হোচট খেতে হবে?” তারা ইংরেজি জানে না বলে প্রতারণার শিকার হতে হবে?
এজলাসে তিনি বলেন, ‘যাঁরা রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে রাজ্যের শীর্ষ আদালতে আসেন তাঁরা ইংরেজি ভাষা ভাল বুঝতে পারেন না। তাই এবার আমার এজলাসে মাতৃভাষা বাংলাতে শুনানি হবে।’







