বিনোদন

মেক্সিকোয় শিল্পীর বাড়িতে রক্তাক্ত পরিণতি! গুলিতে খুন সঙ্গীতশিল্পী, অন্তঃসত্ত্বা স্ত্রী, মেয়ে ও পরিচারিকা, গ্রেফতার ২

মেক্সিকোয় বাড়ির ভিতরেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন এক সঙ্গীতশিল্পী ও তাঁর পরিবারের সদস্যরা। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর বাড়ি থেকে উদ্ধার করা হয় সঙ্গীতশিল্পী হোনাতান মেলেন্দেজ়, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী, ছোট মেয়ে এবং এক তরুণী পরিচারিকার দেহ। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সঙ্গীতশিল্পী হোনাতানের বয়স ছিল ৩৮ বছর। তাঁর স্ত্রী আনা পলা মেলেন্দেজ়ের বয়স ৩৫। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দম্পতির তিন বছরের মেয়েও এই হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি। একই বাড়ি থেকে ২১ বছরের এক পরিচারিকার দেহও উদ্ধার করা হয়।

তবে ভয়াবহ এই ঘটনার মধ্যেও আরও একটি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ছয় বছরের ওই শিশু অক্ষত ছিল। বাড়ির ভিতরেই বাঁধা অবস্থায় পাওয়া যায় পরিবারের পোষ্য কুকুরটিকেও।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গুলি করেই হত্যা করা হয়েছে পরিবারের সদস্যদের। তদন্তকারীদের দাবি, নিহতদের মধ্যে তিন জনের মাথায় গুলি করা হয়েছিল। অপর এক জনের পিঠে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়।

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক জন নিহতদের এক জনের ব্যবসায়িক অংশীদার বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, পরিবারের ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই ওই ব্যক্তি বাড়িতে ঢোকার রাস্তা তৈরি করেছিলেন।

হোনাতানের মৃত্যুর খবর তাঁর সঙ্গীতদলের তরফেও নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডের কিবোর্ডবাদক ছিলেন তিনি। সমাজমাধ্যমে শোকবার্তায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে ব্যান্ডের সদস্যরা লেখেন, তাঁকে ভালবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে চিরকাল মনে রাখা হবে।

একই পরিবারের একাধিক সদস্যের এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে মেক্সিকোয়। কেন এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হল, ধৃতদের সঙ্গে ঘটনার কী যোগ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.