ইরান যুদ্ধের আবহে মার্কিন সামরিক বাহিনীর অন্দরে কড়া নজরদারি। সংবাদমাধ্যমে গোপন তথ্য ফাঁসের অভিযোগের তদন্তে জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন সামরিক ও অসামরিক কর্মীর পলিগ্রাফ পরীক্ষা করিয়েছে মার্কিন সরকার।
আগস্টে হওয়া এই পরীক্ষায় জানতে চাওয়া হয়, সংশ্লিষ্ট কর্মীরা সংবাদমাধ্যমের কাছে কোনও গোপন তথ্য পৌঁছে দিয়েছেন কি না। বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন অস্ত্রভান্ডারে ঘাটতি তৈরি হয়েছে কি না, সেই সংক্রান্ত তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি মার্কিন অস্ত্রভান্ডারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুত কমে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপরই তথ্য ফাঁসের উৎস খুঁজতে তদন্ত শুরু হয়।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, অভ্যন্তরীণ কর্মী বা তদন্ত সংক্রান্ত বিষয়ে তারা মন্তব্য করে না। তবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, অস্ত্রের মজুত নিয়ে প্রকাশিত রিপোর্টে ক্ষুব্ধ ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি গোপন তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন।







