গভীর রাতে খাস কলকাতায় আক্রান্ত দুই বিজেপি নেতা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বাঘাযতীন এলাকায়। অভিযোগ, এক যুগলের মধ্যে বচসা থামাতে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপির দুই স্থানীয় নেতা। তাঁদের লক্ষ্য করে ইট দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির।
হামলায় মুখে গুরুতর চোট পান বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি। পাশাপাশি মাথা ও চোখে আঘাত লাগে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের। আহত দু’জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।
বিজেপির অভিযোগ, হামলাকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। এই ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে বিজেপির তরফে।
যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। ব্যক্তিগত বিবাদকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলেও পাল্টা দাবি তৃণমূলের।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে বচসার সূত্রপাত এবং হামলার পিছনে কারা ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই হামলার প্রকৃত কারণ ও অভিযুক্তদের ভূমিকা স্পষ্ট হবে।







