টানা ৪৮ ঘণ্টার ব্যস্ততার পর অবশেষে নিউ ফরাক্কায় রেললাইন মেরামতির কাজে মিলল সাফল্য। সংস্কারের কাজ শেষ করে শুরু হয়েছে ট্রায়াল রান। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রেল সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে শনিবার সন্ধ্যা থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে মাটি বসে যাওয়ায় রেললাইনে সমস্যা তৈরি হয়। নিরাপত্তার কারণে ওই পথে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেন রেলকর্মীরা।
পরিস্থিতি সামাল দিতে শনিবারও একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে।
যে ট্রেনগুলি বাতিল হয়েছে, তার মধ্যে রয়েছে মালদহ টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, মালদহ টাউন-সাহেবগঞ্জ MEMU, সাহেবগঞ্জ-আজিমগঞ্জ MEMU, ভাগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সাহেবগঞ্জ-মালদহ টাউন MEMU, আজিমগঞ্জ-সাহেবগঞ্জ MEMU, আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার এবং আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার।
অন্যদিকে যাত্রী পরিষেবা সচল রাখতে একাধিক দূরপাল্লার ট্রেনকে বিকল্প পথে পাঠানো হচ্ছে। মালদহ টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস, ফরাক্কা এক্সপ্রেস এবং উধনা-মালদহ টাউন স্পেশাল-সহ কয়েকটি ট্রেনকে কাটিহার-মানসি-মুঙ্গের-কিউল রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও শতাব্দী এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, কুলিক এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট-সহ একাধিক ট্রেনের রুটেও পরিবর্তন করা হয়েছে।
রেল সূত্রে জানানো হয়েছে, লাইন পুরোপুরি নিরাপদ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রে সতর্কতা বজায় থাকবে। তাই যাত্রীদের ট্রেনে ওঠার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময় ও রুটের সর্বশেষ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







