ধারাবাহিকের শ্যুটিংয়ের পাশাপাশি নতুন ছবি ‘ঘুণ গাঁও’-এর প্রচার—ব্যস্ততা এখন তুঙ্গে অভিনেতা রণজয় বিষ্ণুর। তার মধ্যেই আড্ডার মেজাজে নিজের অভিনয় ভাবনা থেকে শুরু করে সাম্প্রতিক এক অস্বস্তিকর অভিজ্ঞতা, সব নিয়েই মুখ খুললেন অভিনেতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ লাইভে এসে রণজয় জানিয়েছিলেন, কেউ তাঁকে অনুসরণ করছে বলে তাঁর মনে হচ্ছে। এরপরই তাঁর ফোন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে অবশ্য এখনই বিস্তারিত জানাতে চান না অভিনেতা। তাঁর কথায়, ছবির প্রচার থেকে ফেরার সময় ঘটনাটি ঘটেছিল। বিষয়টি নিয়ে ‘ঘুণ গাঁও’-এর গোটা টিমই জানেন এবং সঠিক সময়ে তিনি সবটা প্রকাশ্যে বলবেন।
এরই মাঝে আলোচনায় তাঁর নতুন ছবি। রণজয়ের কথায়, পাহাড়ি এলাকায় শ্যুটিংয়ের অভিজ্ঞতা ছিল দারুণ। মেঘ, কুয়াশা আর পাহাড়ে ঘেরা জায়গাটির সৌন্দর্য ছবির গল্পের আবহের সঙ্গে একেবারে মিলে গিয়েছিল। যদিও সেখানে প্রচণ্ড ঠান্ডার মধ্যেই শ্যুটিং করতে হয়েছিল গোটা দলকে।
কী ধরনের চরিত্র তাঁকে টানে? রণজয়ের উত্তরও বেশ স্পষ্ট। এমন চরিত্রেই অভিনয় করতে চান, যে চরিত্র তাঁকে নিজের অভিনয়ের নতুন দিক আবিষ্কার করতে সাহায্য করবে। শুধু গল্পে উপস্থিত থাকার জন্য চরিত্র বাছতে রাজি নন তিনি।
নায়কের প্রচলিত ‘সব পারে, কোনও দুর্বলতা নেই’ ধারণাতেও বিশ্বাসী নন রণজয়। বরং ধূসরতা, ভুল-ত্রুটি এবং দুর্বলতা থাকা চরিত্রই তাঁর কাছে বেশি বাস্তবসম্মত। উদাহরণ হিসেবে ‘মনমর্জিয়া’-র কথা উল্লেখ করে অভিনেতা জানান, এমন চরিত্রই তাঁর বেশি পছন্দ, যেখানে মানুষকে একেবারে সাদা-কালোয় ভাগ করা যায় না।
রণজয়ের কথায়, চরিত্রের দৈর্ঘ্য নয়, গল্পে তার প্রভাবটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। আধ ঘণ্টার চরিত্র হলেও যদি সেটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অভিনয়ের সুযোগ থাকে, সেই কাজ করতেও তিনি আগ্রহী।







