ভারতে ব্যবসায় খরচ কমাতে এবার কর্মী ছাঁটাই শুরু করেছে Samsung India। সূত্রের খবর, আপাতত টেলিভিশন ও হোম অ্যাপ্লায়ান্স বিভাগে ছাঁটাই চলছে। এখনও পর্যন্ত প্রায় ৮০ থেকে ১০০ জন এগজিকিউটিভকে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ব্যাচ ধরে এই ছাঁটাইয়ে ডিরেক্টর স্তর থেকে হেডকোয়ার্টারের টিম লিডার এবং বিভিন্ন শাখার এরিয়া ম্যানেজাররাও রয়েছেন। সংস্থার ইলেকট্রনিক্স বিভাগে প্রায় ৫৫০-৬০০ জন এগজিকিউটিভ কর্মরত বলে জানা গিয়েছে।
মেমোরি চিপের দাম বৃদ্ধি, টাকার দরপতন এবং বৈদ্যুতিন পণ্যের বিক্রিতে চাপ—সব মিলিয়ে Samsung-এর ভারতে ব্যবসায় খরচের বোঝা বাড়ছে বলে বাজার সূত্রে খবর। তবে আপাতত স্মার্টফোন বিভাগে ছাঁটাইয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছে Economic Times। দীপাবলির সময় বাজার ফের চাঙ্গা হওয়ার আশায় সেই বিভাগে আপাতত কর্মী কমানোর পথে হাঁটছে না সংস্থা।
ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষেত্রে তিন মাসের বেতন এবং চাকরির মেয়াদ অনুযায়ী অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা জানা গিয়েছে। তবে আগামী দিনে Samsung India-র অন্য বিভাগেও এই পদক্ষেপের প্রভাব পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।







