কয়েক মাস আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন দেশের প্রাক্তন অলিম্পিয়ান লিয়েন্ডার পেজ। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছিল, তবে কি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন ভারতের এই কিংবদন্তি টেনিস তারকা? শেষ পর্যন্ত অবশ্য সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। বিধানসভা ভোটে লড়েননি লিয়েন্ডার। তবে এবার নতুন এক নির্বাচনী লড়াইয়ে নামার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর।
তবে এই লড়াই কোনওভাবেই রাজনৈতিক নয়। এবার ক্রীড়া প্রশাসনের ময়দানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন লিয়েন্ডার। ২০২৫ সালে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের (BTA) সভাপতি পদে ভোটে জিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এবার তাঁর লক্ষ্য সর্বভারতীয় টেনিস সংস্থার (AITA) সভাপতি পদ।
AITA-র আসন্ন নির্বাচনে লিয়েন্ডারের অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন ডেভিস কাপের প্রাক্তন নন-প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপাল। বর্তমানে দিল্লি টেনিস সংস্থার সভাপতি পদে রয়েছেন তিনি। যদিও লিয়েন্ডারের দিকে রয়েছে বাংলার টেনিস সংস্থার কাউন্সিল অব মেম্বার্সের পূর্ণ সমর্থন।
এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন লিয়েন্ডার পেজ। কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরারের ‘টেনিস হল অফ ফেম’ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, সভাপতি পদে লড়ার প্রস্তাব গ্রহণ করেছেন লিয়েন্ডার। চলতি মাসের শেষদিকে দেশে ফেরার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন তিনি।
BTA-র সচিব কেতন শেঠের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় টেনিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এমন একজন দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন, যিনি খেলোয়াড়, কোচ, রাজ্য টেনিস সংস্থা এবং প্রশাসকদের এক ছাতার তলায় নিয়ে আসতে পারবেন।
প্রসঙ্গত, চলতি বছর কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। তারপর থেকেই জল্পনা তৈরি হয়েছিল, তাঁকে কি ক্রীড়া মন্ত্রকের কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে? শেষ পর্যন্ত অবশ্য তেমনটা হয়নি। এবার বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত থাকলেও ক্রীড়া প্রশাসনের ময়দানে নতুন ইনিংস শুরু করার পথে এগোচ্ছেন ভারতের এই প্রবাদপ্রতিম টেনিস তারকা।







