কাঠমান্ডু: হড়পা বানের ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে নেপাল। এবার রাজধানী কাঠমান্ডু-সহ সংলগ্ন এলাকায় অনুভূত হল ভূমিকম্পের কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০। মাটির প্রায় ১৪৩ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল।
হড়পা বানের মাত্র দু’সপ্তাহের মধ্যেই ফের ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে নেপালজুড়ে। রাজধানী কাঠমান্ডু এবং আশপাশের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
অন্যদিকে, ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) তিব্বতে ৫.৩ মাত্রার আরও একটি ভূমিকম্পের খবর জানিয়েছে। ওই কম্পনের উৎস ছিল প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
হড়পা বানের ভয়াবহতা এখনও কাটেনি
নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের সূত্রপাত হয়েছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধস থেকে। বিপুল পরিমাণ জল ও ধ্বংসাবশেষ ভোতেকোশি নদী দিয়ে নীচের দিকে ধেয়ে আসায় তৈরি হয় ভয়াবহ আকস্মিক বন্যা। উত্তর ও মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির মুখে পড়ে একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও।
শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কাদা ও ধ্বংসাবশেষের স্রোতে নেপাল ও তিব্বত মিলিয়ে অন্তত ১,৩৯৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ রয়েছেন ৫,৪০০-রও বেশি মানুষ। চিনের অংশে ৪৩ জনের মৃত্যু এবং ৫১৯ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এরই মধ্যে সোমবার নেপালি সেনাবাহিনী জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভিতরে প্রায় ১২১ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে প্রায় ৯০০ জনের খোঁজ মিলছে না বলে যে তথ্য সামনে এসেছিল, নতুন সংখ্যাটি তার তুলনায় অনেক কম।
ভারতেও বাড়ছে উদ্বেগ
নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার প্রভাব নিয়ে সতর্ক রয়েছে ভারতও। বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিম-সহ একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই পাটনার গান্ধী ঘাট ও পান্ডারায় গঙ্গার জলস্তর সর্বোচ্চ বন্যাস্তর বা HFL অতিক্রম করেছে।
হড়পা বান, ধস এবং এবার ভূমিকম্প—পরপর প্রাকৃতিক দুর্যোগে কার্যত বিপর্যস্ত নেপাল। নতুন করে ভূমিকম্পের পর পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলি।







