রাজ্য

টালিগঞ্জে ভূপেন হাজারিকার বাড়ি কিনতে চায় অসম সরকার, শুভেন্দুকে চিঠি হিমন্তের

কলকাতা: ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার স্মৃতিকে সংরক্ষণে বড় উদ্যোগ অসম সরকারের। কলকাতার টালিগঞ্জে কিংবদন্তি শিল্পীর স্মৃতিবিজড়িত বাড়িটি কিনে সেটিকে হেরিটেজ সম্পত্তি হিসেবে সংরক্ষণ ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী অসম সরকার। এই উদ্যোগে সহযোগিতা চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
টালিগঞ্জের ৭৭বি, গল্ফ ক্লাব রোড-এর এই বাড়ির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ভূপেন হাজারিকার সৃষ্টিশীল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ সময় এই বাড়িতে থেকেছেন তিনি। এখানেই সৃষ্টি হয়েছে তাঁর একাধিক কালজয়ী গান ও সুর। ফলে বাড়িটি শুধু একটি আবাসন নয়, অসম ও বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনেরও গুরুত্বপূর্ণ স্মারক।
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কলকাতা ভূপেন হাজারিকার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে ছিল। টালিগঞ্জের এই বাড়িতে বসেই তিনি বহু স্মরণীয় সৃষ্টি করেছিলেন। সেই ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতেই অসম সরকারের এই উদ্যোগ।
চিঠিতে হিমন্ত জানিয়েছেন, বাড়িটি অধিগ্রহণ করে একটি হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষণ ও উন্নয়ন করতে আগ্রহী অসম সরকার। এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেও প্রস্তুত অসম সরকার।
এর আগে অসম সরকারের একটি প্রতিনিধি দল টালিগঞ্জের ওই বাড়িটি পরিদর্শনও করে। বাড়িটির প্রথম তলায় ভূপেন হাজারিকার ব্যবহৃত অংশ সংরক্ষণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বর্তমানে সম্পত্তিটির মালিকানা একাধিক ব্যক্তির হাতে থাকায় বিষয়টি বাস্তবায়নে প্রশাসনিক সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপনের আবহে অসম সরকারের এই উদ্যোগকে তাঁর সৃষ্টিশীল উত্তরাধিকার সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। শুধু অসম নয়, বাংলা ও সমগ্র ভারতের সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই বাড়ি আগামী দিনে স্মৃতিসৌধ বা সাংস্কৃতিক কেন্দ্রের রূপ পায় কি না, এখন সেদিকেই নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.