১৩ সেপ্টেম্বর অভিষেককে ইডির তলব কি নিতান্তই কাকতালীয়? নাকি তারিখ দেখেশুনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওইদিন বাছল? উঠছে প্রশ্ন। ১৩ সেপ্টেম্বর বিরোধীদের ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। তার পূর্বে এহেন তলব! যার জেরে সরব হয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
ইডি’র এই তলবকে ঘিরে অভিষেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে আমি একজন সদস্য। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে সমন্বয় কমিটির বৈঠক। আর সেইদিনই তাঁকে তলব করা হয়েছে।’ তাঁর বিস্ফোরক সংযোজন, ‘৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষোচিত কাজ।’
প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর পূর্বে কুন্তল ঘোষের একটি চিঠির ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। জিজ্ঞাসাবাদও করা হয়। অন্যদিকে, সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতারের পর ইডির নজরে আসে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’। উক্ত সংস্থার গুরুত্বপূর্ণ পদে অভিষেক আছে বলেও ইডি তাদের বিবৃতিতে জানায়।







