কলকাতা

ইডেনে মোদির হাতেই মায়ের চক্ষুদান, মহালয়ার সন্ধ্যায় শুরু দুর্গাপুজো

শারদ আকাশে ড্রোনের ঝলমলে আলো, চারপাশে মাতৃবন্দনার সুর—এই আবহেই মহালয়ার সন্ধ্যায় ইডেন উদ্যানে দুর্গাপুজোর সূচনা হতে চলেছে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই হবে দেবী দুর্গার চক্ষুদান। তার আগে থাকছে বর্ণাঢ্য রোড শো। আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোডে পুজোর শোভাযাত্রায় বাংলার ২৩টি জেলার ২৩ রকমের নৃত্যশৈলী তুলে ধরা হবে। এর মাধ্যমে ফুটে উঠবে বাংলার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইডেন উদ্যানে প্রবেশ করার সময় এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে গোটা এলাকা। একইসঙ্গে বাজবে প্রায় ১০ হাজার ঢাক। এই আয়োজন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে পারে বলেও মনে করা হচ্ছে। স্টেডিয়াম পরিক্রমার সময় পুজোর গান পরিবেশন করবেন শ্রেয়া ঘোষাল।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। শেষ মুহূর্তে সামান্য কিছু পরিবর্তন হতে পারে, তবে অনুষ্ঠানের মূল পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত। ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন উদ্যানের নিরাপত্তার দায়িত্ব থাকবে এসপিজির হাতে।

ইডেনের এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ১০ হাজার দুর্গাপুজোর উদ্বোধন করা হবে। পাশাপাশি দর্শকদের জন্য থাকছে ‘মা আসছে-উমা স্টোরি’ থিমে অত্যাধুনিক থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং শো।

নবান্নের খবর অনুযায়ী, বিকেল ৪টে থেকে ইডেনে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বাংলার বিভিন্ন এলাকার লোকসংস্কৃতি ও লোকশিল্পের নানা দিক তুলে ধরা হবে। দার্জিলিঙের তামাং সেলো, কালিম্পঙের লেপচা নাচ, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের রাজবংশী লোকনৃত্য থাকবে অনুষ্ঠানে।

এর পাশাপাশি মালদহের গম্ভীরা, বীরভূমের বাউল, পূর্ব বর্ধমানের রাইবেঁশে, পশ্চিম বর্ধমানের সাঁওতালি নাচ, নদিয়ার গৌড়ীয় বৈষ্ণব নৃত্য এবং বাঁকুড়া ও পুরুলিয়ার ছৌ পরিবেশিত হবে। ঝাড়গ্রামের সাঁওতালি নাচ, পূর্ব মেদিনীপুরের পটুয়ার গান, হুগলির রামপ্রসাদী, হাওড়ার লোকনাট্য এবং উত্তর ২৪ পরগনার বনবিবি পালাও থাকছে এই বিশেষ সাংস্কৃতিক আয়োজনে। অর্থাৎ, বাংলার প্রতিটি জেলার নিজস্ব সংস্কৃতি ও লোকশিল্পের বৈচিত্র্যই ধরা পড়বে ইডেনের মঞ্চে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.