আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের মৃত্যুকাণ্ড নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি। নতুন সরকার ক্ষমতায় আসার পর মামলার তদন্তে নতুন গতি এসেছে। এরই মধ্যে শিয়ালদহ আদালত চত্বরে দাঁড়িয়ে তিন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন নিহত চিকিৎসকের মা।
রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আর জি কর কাণ্ডের একাধিক দিক নতুন করে খতিয়ে দেখা শুরু হয়েছে। ইতিমধ্যেই তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং একাধিক চিকিৎসক ও প্রশাসনিক ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। থ্রেট কালচার এবং প্রমাণ লোপাটের অভিযোগও তদন্তের আওতায় আনা হয়েছে।
এদিন আদালতে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহত চিকিৎসকের মা দাবি করেন, ঘটনাটির পূর্ণ সত্য এখনও সামনে আসেনি। তাঁর অভিযোগ, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতার ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।
পরিবারের পক্ষ থেকে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, ঘটনার পর নিহত চিকিৎসকের শেষকৃত্য সম্পন্ন করার ক্ষেত্রে অস্বাভাবিক তাড়াহুড়ো করা হয়েছিল। কেন এত দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল, তা নিয়েই প্রশ্ন তুলেছে পরিবার।
এদিন আরও এক চিকিৎসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভয়ার মা। তাঁর দাবি, মৃতদেহ উদ্ধারের পর পরিস্থিতি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বদলে বিষয়টিকে গুরুত্বহীনভাবে দেখানো হয়েছিল। পাশাপাশি, ঘটনার খবর পৌঁছনোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
শুধু অভিযুক্তদের শাস্তি নয়, গোটা ঘটনার নেপথ্যে কারা ছিলেন এবং কোনও প্রভাবশালী চক্র কাজ করেছিল কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আদালতের দ্বারস্থ হয়েছে পরিবার। একই সঙ্গে তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
আর জি কর কাণ্ডের তদন্ত কোন দিকে মোড় নেয় এবং নতুন করে উত্থাপিত অভিযোগগুলির ভিত্তিতে তদন্তের পরিধি আরও বাড়ে কি না, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।







