কলকাতা

দেশপ্রিয় পার্কে শঙ্খধ্বনিতে রেকর্ড: ৬৭০ মহিলা একসঙ্গে বাজালেন শাঁখ

দুর্গোৎসব মানেই চমকপ্রদ থিম আর নজির গড়ার নেশা— সেই ধারাতেই ফের ইতিহাস রচনায় দেশপ্রিয় পার্ক। এ বার শঙ্খধ্বনির মাধ্যমে এক অনন্য রেকর্ড গড়ল দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপ। একসঙ্গে ৬৭০ জন মহিলা শাঁখ বাজিয়ে নাম তুললেন এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।

দুর্গাপুজোর শুভ মুহূর্তে শঙ্খধ্বনি যে অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তির আগমনের প্রতীক— সেই ভাবনাতেই এই অভিনব উদ্যোগ। দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবের সম্পাদক সুদীপ্ত কুমার জানালেন, “আমাদের পুজো মানেই রেকর্ড। আগে সবচেয়ে বড় প্রতিমা গড়ে সাড়া ফেলেছিলাম। এ বার ১৭০ ফুট লম্বা নৌকার পাশাপাশি ৬৭০ জন মহিলার শঙ্খধ্বনিতে গড়ল নতুন রেকর্ড। দেশপ্রিয় পার্ক যেন রেকর্ড গড়ার জন্যই তৈরি।”

উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কেয়া শেঠ। তিনি বললেন, “শাঁখ বাজানো বাঙালির এক অমূল্য ঐতিহ্য। সেই ভাবনা থেকেই উদ্যোগের নাম রাখা হয়েছিল ‘বাজাব শঙ্খ, করব রেকর্ড’। আনন্দের বিষয়, আমরা একসঙ্গে দু’টি রেকর্ড গড়তে পেরেছি।”

আয়োজক সুনন্দর কথায়, “কলকাতাবাসী ও অসংখ্য মহিলার সাড়া ছাড়া এই রেকর্ড সম্ভব ছিল না। দুর্গাপুজোই আমাদের একত্রীকরণের শক্তি। তাই এই গর্ব সকলের।”

একদিকে থিম পুজোর জৌলুস, অন্যদিকে রেকর্ড গড়ার উদ্যোগ— ফের প্রমাণিত হল, দেশপ্রিয় পার্কের দুর্গোৎসব কেবল পুজো নয়, গোটা বাংলার গর্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.