অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আসতে চলেছে বড় পরিবর্তন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সিদ্ধান্তে বদলে যেতে পারে বিগ ব্যাশ লিগের এতদিনের কাঠামো। এবার থেকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই টি-২০ লিগে দল কিনতে পারবে বেসরকারি সংস্থা। ফলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির কাছেও বিগ ব্যাশে দল কেনার দরজা খুলে গেল।
বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে বিগ ব্যাশের কাঠামোর এতদিন বেশ কিছুটা পার্থক্য ছিল। কারণ, এই লিগের কোনও দলের মালিকানা বেসরকারি সংস্থার হাতে ছিল না। প্রতিটি দল আলাদা ম্যানেজমেন্টের মাধ্যমে পরিচালিত হলেও সবকটি ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল ক্রিকেট অস্ট্রেলিয়াই। এবার সেই ব্যবস্থাতেই পরিবর্তন আনতে চলেছে সিএ।
নতুন নিয়মে বিগ ব্যাশের দলগুলির মালিকানা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। তবে লিগের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখবে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশেষ করে স্যালারি ক্যাপ, ক্রিকেটারদের চুক্তি এবং দলে খেলোয়াড়দের থাকা-না থাকার মতো বিষয়গুলি সিএ-র নজরদারিতেই থাকবে।
এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বিগ ব্যাশের অন্যতম পরিচিত দল মেলবোর্ন রেনেগ্রেডসের মালিকানা বিক্রির উদ্যোগ শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ফ্র্যাঞ্চাইজির ১০০ শতাংশ মালিকানাই বিক্রি করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ মরশুম থেকেই রেনেগ্রেডসের নিয়ন্ত্রণ চলে যাবে বেসরকারি মালিকের হাতে। নতুন মালিক একই সঙ্গে পুরুষ ও মহিলা দলের দায়িত্বও পাবেন।
শুধু মেলবোর্ন রেনেগ্রেডস নয়, আগামী দিনে বিগ ব্যাশের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিকেও একইভাবে বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মতে, লিগের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ।
আর এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলির বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হল। আইপিএলের একাধিক দলের ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মালিকানা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মতো ফ্র্যাঞ্চাইজিরা বিদেশের টি-২০ লিগে দল পরিচালনা করছে।
ফলে বিগ ব্যাশেও দল কেনার সুযোগ তৈরি হওয়ায় ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলির আগ্রহ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই নতুন মালিকানা ব্যবস্থা কার্যকর হলে আন্তর্জাতিক ক্রিকেটে আইপিএল-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিগুলির প্রভাব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।







