বিদেশ সফরে সাধারণত বিলাসবহুল ৫ তারা হোটেলেই থাকার ব্যবস্থা হয় ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু আসন্ন এশিয়ান গেমসে সেই চেনা ছবি দেখা নাও যেতে পারে। জাপানের নাগোয়ায় ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের থাকার ব্যবস্থা করা হয়েছে আয়োজক কমিটির নির্ধারিত আবাসনে। বিষয়টি জানিয়েছেন বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্ল।
তবে আবাসন নিয়ে কোনওরকম অসন্তোষ নেই ভারতীয় দলের। রাজীব শুক্ল জানিয়েছেন, ৫ তারা হোটেল না হলেও ক্রিকেটারদের জন্য যে থাকার ব্যবস্থা করা হয়েছে, তা যথেষ্ট উন্নত ও আরামদায়ক। নাগোয়ায় বড় মানের হোটেলের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় বিকল্প নিয়ে আলোচনা হয়েছিল। টোকিও কিংবা ওসাকায় দলকে রাখার কথাও ভাবা হয়েছিল। কিন্তু সেখান থেকে নাগোয়ায় যাতায়াতে অনেকটা সময় লাগবে বলেই শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়।
শুক্ল বলেন, আয়োজকদের দেওয়া আবাসনের ছবি ও ভিডিও ইতিমধ্যেই দেখা হয়েছে। সেগুলি দেখে তাঁদের মনে হয়েছে, ক্রিকেটারদের থাকার জন্য জায়গাটি যথেষ্ট ভাল। তাঁর মতে, এশিয়ান গেমসে বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের একই পরিবেশে রাখাই আয়োজকদের মূল লক্ষ্য। সেই কারণেই নাগোয়াতেই ভারতীয় ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
আইওএ সভাপতি পিটি ঊষাও জানিয়েছেন, আবাসন সংক্রান্ত জটিলতা আর নেই। ভারতীয় দলের জন্য ইতিমধ্যেই জায়গা বুক করা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অ্যাথলিটদের জন্য নির্দিষ্ট আবাসনের পাশাপাশি জাহাজ এবং ছোট ভিলাতেও থাকার ব্যবস্থা করছে আয়োজকরা। নাগোয়ার সেরা হোটেলগুলির মধ্য থেকেও ক্রিকেটারদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে ক্রিকেটারদের ঘর নিয়েও স্বস্তির খবর দিয়েছেন রাজীব শুক্ল। তিনি জানিয়েছেন, টুইন-শেয়ারিংয়ের ব্যবস্থা থাকবে না। অর্থাৎ প্রত্যেক ক্রিকেটারের জন্য আলাদা ঘর বরাদ্দ করা হবে।
আবাসন নিয়ে আলোচনা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আরও গুরুত্বপূর্ণ ছিল মাঠ, পিচ এবং ড্রেসিংরুমের মান। সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে। শুক্ল জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি প্রতিনিধি দল নাগোয়ায় গিয়ে মাঠ ও অন্যান্য পরিকাঠামো পরিদর্শন করেছে। পরিদর্শনের পর তারা সন্তুষ্ট বলেই জানা গিয়েছে।
এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় পুরুষ ক্রিকেট দল ২০ সেপ্টেম্বর টোকিওর উদ্দেশে রওনা দেবে। ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে তারা। এরপর ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে ভারতের মূল অভিযান শুরু হবে।







