খেলাধুলা

জাহিরের নিয়োগে ধোনির ‘সম্মতি’, CSK-র নতুন কোচ বাছাইয়ে মাহির ভূমিকা ফাঁস

চেন্নাই সুপার কিংস এবং স্টিফেন ফ্লেমিংয়ের ১৮ বছরের দীর্ঘ সম্পর্কের অবসান ঘটেছে। ২০২৭ সালের আইপিএলের জন্য দলের নতুন হেডকোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি পেসার জাহির খান। তবে সিএসকে-র মতো দলে এত বড় পরিবর্তনের নেপথ্যে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা থাকবে না, তা কার্যত অসম্ভব। জাহিরকে কোচ হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে ধোনিরও পূর্ণ সম্মতি ছিল বলে এবার জানাল ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট।

সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, কোচ নির্বাচনের ক্ষেত্রে ক্রিকেট ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। এই কমিটিতে ছিলেন দলের মালকিন রূপা গুরুনাথ, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং ধোনি। বিশ্বনাথনের বক্তব্য অনুযায়ী, জাহিরের দীর্ঘ অভিজ্ঞতাই তাঁকে বেছে নেওয়ার অন্যতম প্রধান কারণ। আইপিএলে শতাধিক ম্যাচ খেলার পাশাপাশি ভারতীয় পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা রয়েছে। ধোনিও এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বলে জানিয়েছেন সিএসকে কর্তা।

গত আইপিএলে ফিটনেসজনিত সমস্যার কারণে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি ধোনি। ফলে ২০২৭ সালের মরসুমে তাঁকে কি শুধুই মেন্টরের ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি বিশ্বনাথন। তাঁর কথায়, ধোনি এখনও দলের একজন খেলোয়াড়। এর বেশি কিছু এখনই জানানো সম্ভব নয়।

ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর ফ্লেমিং সরে দাঁড়ানোয় নতুন কোচের খোঁজ শুরু করেছিল চেন্নাই। জাহিরের সঙ্গে ধোনির দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কও তাঁর নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের মতো ফ্র্যাঞ্চাইজিতে মেন্টর ও ডিরেক্টর হিসেবে কাজ করেছেন জাহির। এবার চেন্নাইয়ের সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার ক্ষেত্রেও তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। বর্তমানে মাইক হাসি, শ্রীধরন শ্রীরামের মতো অভিজ্ঞরা সাপোর্ট স্টাফে রয়েছেন। তাঁদের সঙ্গে নতুন কোচের সমন্বয় কেমন হয়, সেদিকেই নজর থাকবে।

খেলোয়াড় হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লির হয়ে মোট ১০০টি আইপিএল ম্যাচ খেলেছেন জাহির। তাঁর ঝুলিতে রয়েছে ১০২টি উইকেট। তবে হেডকোচ হিসেবে এই প্রথমবার কোনও আইপিএল দলের দায়িত্ব সামলাবেন তিনি। ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন গ্লোবাল টি-টোয়েন্টি লিগের সঙ্গেও যুক্ত রয়েছেন জাহির। বেলজিয়াম, শ্রীলঙ্কা এবং কানাডার লিগে তাঁর ফ্র্যাঞ্চাইজি মালিকানার সঙ্গেও যোগ রয়েছে।

প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে জাহিরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সামনে ডিসেম্বরেই রয়েছে আইপিএলের মিনি নিলাম। টানা তিন মরসুম প্লে-অফে জায়গা করে নিতে পারেনি চেন্নাই সুপার কিংস। ফলে নিলামের আগে দল নিয়ে পরিকল্পনা করা, প্রয়োজনীয় ক্রিকেটারদের দলে আনা এবং সিএসকে-কে ফের সাফল্যের পথে ফেরানোই এখন জাহিরের সামনে বড় চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.