নিজের জৌলুস যে এখনও অটুট, ঘরোয়া মঞ্চেই আরও একবার তা প্রমাণ করলেন অলিম্পিক্স রুপোজয়ী মীরাবাই চানু (Mirabai Chanu)। বুধবার উত্তরপ্রদেশের মোদীনগরে অনুষ্ঠিত ন্যাশনাল ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপস ২০২৬-এ (National Weightlifting Championships 2026) মহিলাদের ৪৮ কেজি বিভাগে নামামাত্রই তিনটি জাতীয় রেকর্ড ভেঙে সোনা জিতে নিলেন ভারতের তারকা ভারোত্তোলক।
৩১ বছর বয়সি চানু স্ন্যাচে তুললেন ৮৯ কেজি, যা নতুন জাতীয় রেকর্ড। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি উত্তোলন করে ভেঙে দিলেন আগের রেকর্ড। দুই বিভাগ মিলিয়ে মোট ২০৫ কেজি—এই বিভাগে তৃতীয় জাতীয় রেকর্ড। সবচেয়ে নজরকাড়া বিষয়, নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে পুরো ২২ কেজি ব্যবধানে শেষ করেন তিনি।
স্ন্যাচে ৮৯ কেজি সফলভাবে তোলার পর ৯১ কেজিতে নিজের রেকর্ড আরও বাড়ানোর চেষ্টা করেছিলেন চানু, যদিও সেই লিফট সফল হয়নি। তবে ক্লিন অ্যান্ড জার্কে কোনও ভুল না করে আত্মবিশ্বাসের সঙ্গে ১১৬ কেজি তুলে কার্যত প্রতিযোগিতায় একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি।
এই ২০৫ কেজির মোট লিফট ২০২৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপসে সোনাজয়ী পারফরম্যান্সের (১৯৯ কেজি) থেকেও ৬ কেজি বেশি। একই সঙ্গে এটি চানুর ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের সমান, যা তিনি ২০২১ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে করেছিলেন।
অলিম্পিক্সের ওজন বিভাগ পুনর্গঠনের পর ২০২৫ সালে ৪৯ কেজি থেকে ফের ৪৮ কেজিতে নামেন মীরাবাই চানু। জাতীয় চ্যাম্পিয়নশিপে তাঁর এই দাপুটে পারফরম্যান্স স্পষ্ট করে দিল, ওজন পরিবর্তনে কোনও সমস্যা তো হয়নি-ই, বরং আন্তর্জাতিক মরশুমের আগে তাঁর প্রস্তুতি যে একেবারে সঠিক পথেই এগোচ্ছে, তা পরিষ্কার।
এই বিভাগে রুপো জিতেছেন রাধা সোনি (Radha Soni) এবং ব্রোঞ্জ পেয়েছেন কোমল কোহার (Komal Kohar)। ১২ দিনের এই প্রতিযোগিতায় ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তিনটি ডিপার্টমেন্টাল বোর্ড মিলিয়ে প্রায় ৭৯০ জন অ্যাথলিট অংশ নিয়েছেন। তবে এত কোলাহলের মধ্যেও আলো কেড়েছেন একটাই নাম—মীরাবাই চানু।
জাতীয় রেকর্ডের হ্যাটট্রিক দিয়ে শুধু সোনা জয় নয়, আসন্ন আন্তর্জাতিক মঞ্চের জন্যও স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন তিনি—ভারতের ভারোত্তোলনে এখনও তিনিই একমাত্র মানদণ্ড।







