দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজে পরিচালন সমিতির নতুন সভাপতি তথা বিজেপি নেতা সায়ন্তন বসুর উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। দুটি পৃথক মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন শাহরুখ আখতার আলি মোল্লা, আসলাম হাবিব, রবিউল মিস্ত্রি এবং রবিউল জামান শেখ।
কলেজ পরিচালন সমিতির সভাপতি হিসেবে সম্প্রতি একাধিক বিজেপি নেতা-নেত্রীর নাম সামনে এসেছে। সেই তালিকায় ভাঙড় মহাবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়েছেন সায়ন্তন বসু। সোমবার নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম বার কলেজে যান তিনি। কিন্তু তাঁর গাড়ি কলেজের গেটে পৌঁছতেই বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষোভের জেরে কলেজের গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে বেশ কিছুক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতে হয় সায়ন্তনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। তবে পুলিশ পৌঁছনোর পরও উত্তেজনা কমেনি। এসএফআই ও আইএসএফের অভিযোগ, কলেজের পাঁচিল টপকে ভিতরে ঢুকে পুলিশ লাঠিচার্জ করে।
এবিভিপি-বিরোধী স্লোগান দেওয়া পড়ুয়াদের বেছে বেছে মারধর করে আটক করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। তাঁদের সরিয়ে দেওয়ার পর পুলিশের নিরাপত্তায় কলেজে প্রবেশ করেন সায়ন্তন। পরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম ছাত্র সংগঠনের সদস্যদের পাশাপাশি কলেজ চত্বরে জড়ো হয়েছিলেন আইএসএফ সমর্থকেরাও। তাঁদের পাল্টা এবিভিপি সমর্থকেরা স্লোগান দিতে শুরু করেন। এরপরই এসএফআই ও এবিভিপি-র সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ।
অভিযোগ, এই উত্তেজনার মধ্যেই এবিভিপি সমর্থক ছাত্রীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করা হয়। ঘটনার পর পুলিশি তদন্তে দু’টি পৃথক মামলায় মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে। ভাঙড় থানার স্বতঃপ্রণোদিত মামলায় রবিউল মিস্ত্রি ও রবিউল জামানকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অনুমতি ছাড়া কলেজে প্রবেশ এবং পরিচালন সমিতির সভাপতির কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, এবিভিপি সমর্থক পড়ুয়াদের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শাহরুখ আখতার আলি মোল্লা ও আসলাম হাবিবকে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার চার অভিযুক্তকেই বারুইপুর আদালতে পেশ করা হবে। সোমবারের ঘটনার পুনরাবৃত্তি রুখতে মঙ্গলবার সকাল থেকেই ভাঙড় কলেজ চত্বরে পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে প্রশাসন।







