এক দিনের ক্রিকেটে একঘেয়েমি কাটিয়ে পুনরায় উত্তেজনা ফিরিয়ে আনতে বড় সিদ্ধান্ত নিল আইসিসি। আর সেই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশ মেনেই আইসিসি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করতে চলেছে। আগামী মাস থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম, যার মূল লক্ষ্য ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য ফিরিয়ে আনা।
গত কয়েক বছরে ৫০ ওভারের ক্রিকেট ব্যাটারদের খেলার ময়দান হয়ে উঠেছে। দুটি নতুন বল ব্যবহারের নিয়মে বল বেশি সুইং বা রিভার্স না করায় বোলাররা কার্যত খেলার বাইরে চলে যাচ্ছিলেন। সৌরভের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই নিয়ম বদলের প্রস্তাব দেয়। সেই সুপারিশ মেনেই আইসিসি ঘোষণা করেছে, এবার থেকে প্রথম ৩৪ ওভার দু’প্রান্ত থেকে দুইটি বল ব্যবহার করা হবে, তবে ৩৫তম ওভার থেকে একই বল দু’দিক থেকে ব্যবহৃত হবে।
এই পরিবর্তন শুধু বলের ব্যবহারেই সীমাবদ্ধ নয়। আইসিসি আরও জানিয়েছে, বাউন্ডারি লাইনে ক্যাচ ও ডিআরএস সম্পর্কিত নিয়মেও বদল আসছে সৌরভের কমিটির পরামর্শ অনুযায়ী।
ক্রিকেটবিশ্বের একাংশ মনে করছে, সৌরভের এই সাহসী পদক্ষেপ ক্রিকেটকে ফিরিয়ে আনবে তার পুরনো রোমাঞ্চে। তরুণ প্রজন্মের মধ্যে বোলিংয়ের প্রতি আগ্রহ বাড়বে, বাড়বে এক দিনের ক্রিকেটের জনপ্রিয়তাও।







