রাস্তায় দুই পথকুকুরকে সঙ্গমরত অবস্থায় দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন এক মাংস ব্যবসায়ী। অভিযোগ, রাগের বশে একটি কুকুরের লিঙ্গে মাংস কাটার ধারালো ছুরি দিয়ে আঘাত করেন তিনি। নদিয়ার তাহেরপুরের এই ঘটনায় অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ। তাহেরপুর মাছ বাজার সংলগ্ন এলাকায় দুটি পথকুকুর সঙ্গম করছিল। অভিযোগ, সেই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন মাছ বাজারের মাংস ব্যবসায়ী মানিক দাস। এরপর মাংস কাটার ছুরি দিয়ে একটি কুকুরকে আঘাত করা হয়। গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সারমেয়টি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। আহত কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পশু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা না মিললে কুকুরটির প্রাণহানির আশঙ্কা ছিল।
অভিযোগ ওঠার পর ঘটনাস্থল থেকে চলে যান মানিক দাস। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার অভিযুক্তকে রানাঘাট আদালতে পেশ করা হয়।
তবে ঠিক কী কারণে ওই ব্যবসায়ী এমন হিংসাত্মক আচরণ করলেন, তা এখনও স্পষ্ট নয়। পথকুকুরের প্রতি কোনও বিরূপ মনোভাব ছিল, নাকি রাস্তায় কুকুর দুটিকে ওই অবস্থায় দেখে আপত্তি থেকেই এমন ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে অভিযুক্ত নিজেও কোনও মন্তব্য করতে চাননি।
অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ীদের দাবি, মানিক দাস সাধারণত শান্ত স্বভাবের এবং সকলের সঙ্গেই ভালোভাবে মেলামেশা করেন। পথকুকুরের প্রতি তাঁর কোনও তীব্র বিরূপতা রয়েছে, এমনটা তাঁরা আগে কখনও লক্ষ্য করেননি। ফলে আচমকা কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে তাঁরাও কার্যত হতবাক।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।







