চারদিকে তাকালেই চোখে পড়ছে শুধু জল। ভয়াবহ ভাঙন ও বন্যায় বিপর্যস্ত মালদহের ভূতনি। একের পর এক বাড়ি জলের গ্রাসে চলে যাওয়ায় মাথার ছাদ হারিয়েছেন বহু মানুষ। বাধ্য হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাঁরা। খাবার থেকে প্রয়োজনীয় সামগ্রী—সরকারি ত্রাণের উপরই নির্ভর করতে হচ্ছে বানভাসিদের। এই পরিস্থিতিতে ভূতনির মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিলে আরও ৫ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশেই বুধবার আকাশপথে ভূতনির ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা।
প্রতি বছরই গঙ্গার ভাঙনে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে ভূতনির বিস্তীর্ণ এলাকা। এবছর পরিস্থিতি আরও উদ্বেগজনক। ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত চার শীর্ষ আধিকারিক মুখ্যমন্ত্রীর কাছে পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন। প্রশাসনের আশা, শুক্রবার থেকে ভূতনিতে জলস্তর কিছুটা নামতে পারে। তবে পরিস্থিতির উপর সারাক্ষণ নজর রাখছেন মুখ্যমন্ত্রী। সেচ দফতর এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফেও চলছে নিরবচ্ছিন্ন নজরদারি। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনিক স্তরে একাধিক বৈঠকও করা হচ্ছে।
বুধবার কপ্টারে মালদহে পৌঁছন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং এবং আইজি নর্থবেঙ্গল সুকেশ জৈন। মালদহে পৌঁছে প্রথমে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। এরপর প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে কপ্টারে করে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা জানান, ভূতনির প্রায় গোটা এলাকাই প্লাবিত। বিস্তীর্ণ এলাকায় বিপুল পরিমাণ জল জমে রয়েছে। সেই জল নামতেও সময় লাগবে। বন্যা পরিস্থিতির সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে। জলবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি বানভাসি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা এবং ত্রাণ বিলির কাজ চলছে।
প্রশাসন সূত্রে খবর, বুধবারও গঙ্গার জল বিপদসীমার অনেকটা উপর দিয়ে বইছে। সেচ দপ্তরের তথ্য অনুযায়ী, মানিকচক ঘাটে জলস্তর বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপরে ছিল। ইতিমধ্যেই ভূতনির শতাধিক গ্রাম জলের তলায় চলে গিয়েছে। প্রায় আড়াই লক্ষ মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। হিরানন্দপুর, উত্তর চণ্ডীপুর এবং দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।
মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ফুলহর নদীর বাঁধের একটি অংশ কেটে দেওয়া হয়। এর ফলে উত্তর চণ্ডীপুর এলাকা থেকে গঙ্গার জল ওই কাটা অংশ দিয়ে ফুলহর নদীর দিকে যেতে শুরু করেছে। স্থানীয়দের বক্তব্য ছিল, ভূতনির একদিকে গঙ্গা এবং অন্যদিকে ফুলহর নদী। তাই দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ কেটে দিলে গঙ্গার জল দ্রুত ফুলহরে চলে যাবে এবং উত্তর চণ্ডীপুরের বাসিন্দাদের কিছুটা স্বস্তি মিলবে। বাস্তবে তাতেই উত্তর চণ্ডীপুরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
তবে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ফুলহর নদীর জলও। রতুয়া এলাকায় মহানন্দাটোলা পুলিশ ফাঁড়ি এবং স্থানীয় ডাকঘর ফুলহরের জলে প্লাবিত হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রও জলের তলায় চলে যাওয়ায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে বৈষ্ণবনগর ও কুম্ভরার মতো ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও ঢুকে পড়েছে জল। সেখান থেকে বানভাসি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, বৈষ্ণবনগর এবং পারলালপুর সংলগ্ন বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। কোথাও প্রায় দু’ফুট, আবার কোথাও চার ফুট পর্যন্ত জল জমেছে। গঙ্গার জলস্তর এখনও বাড়ছে। ফলে পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে।







