দ্বিতীয় দফার ভোটের আগে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে পশ্চিমবঙ্গে। জগৎবল্লভপুরের জনসভা থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপি প্রার্থীদের উদ্দেশে তাঁর মন্তব্য, তৃণমূল থেকে আসা নেতাদের নিয়েই এখন বিরোধী শিবির নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে।
এদিন জগৎবল্লভপুর ও ডোমজুড় ২ কেন্দ্রেই দলীয় প্রার্থী সুবীর চট্টোপাধ্যায় ও তাপস মাইতির সমর্থনে প্রচার করেন তিনি। বক্তৃতায় তিনি এক প্রার্থীর দীর্ঘ রাজনৈতিক যাত্রার কথাও তুলে ধরেন ১৯৯৮ সালে অঞ্চল স্তরের দায়িত্ব থেকে শুরু করে ধাপে ধাপে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে বর্তমানে ব্লক সভাপতির পদে ওঠার প্রসঙ্গ উল্লেখ করেন। তাঁর ইঙ্গিত, দল বদল করলেও অতীত মুছে যায় না।অন্যদিকে, বিরোধী শিবিরের প্রার্থী নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর দাবি, দলত্যাগী নেতাদের নিয়েই বিজেপি প্রার্থী তালিকা তৈরি করেছে, যা ভোটারদের কাছে স্পষ্ট হয়ে উঠছে।
এ প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা ডোমজুড় থেকে যাকে প্রার্থী করেছি…তাপস মাইতি…সাধারণ পরিবার থেকে উঠে আসা। ২৫ বছরের বেশি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমান সাড়ে তিন-চার বছর ধরে ডোমজুড় ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন দক্ষতার সঙ্গে। অন্যদিকে, বিজেপির যিনি প্রার্থী একাধিক বছর খুব সম্ভবত জগদীশপুরের প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগ তৃণমূলের কাছে আসে। যে-ই বুঝতে পেরেছে তৃণমূল আমাকে ঘাড় ধরে জেলে ঢোকাবে…২০২১ সালে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছে। আগে চোর, ডাকাত, খুনিরা জেলে যেত এখন বিজেপিতে যায়। যার বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে… তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল আমার মনে আছে, চার বছর আগে একটা মামলা হয়েছিল, সেই গোবিন্দ হাজরা হচ্ছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে, যদি আমি জগৎবল্লভপুরে দেখি, সুবীর চট্টোপাধ্যায়ও প্রায় ২৫ বছরের বেশি নিরবিচ্ছিন্নভাবে-ধারাবাহিকভাবে তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সাংগঠনিক দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। ১৯৯৮ সালে পার্বতীপুর অঞ্চলের আহ্বায়ক হিসাবে কাজ শুরু করেছেন। ধাপে ধাপে ২০০৩ সালে প্রধান, ২০০৮-এ উপপ্রধান, ২০১৩-য় পঞ্চায়েত সমিতির সদস্য, ২০২২ অবধি ব্লকের সাধারণ সম্পাদক এবং ২০২২ থেকে ব্লকের সভাপতি। অন্যদিকে, জগৎবল্লভপুরের যিনি বিজেপি প্রার্থী তিনিও তৃণমূলের আবর্জনা। দু’টোই তৃণমূলের আবর্জনা। আমরা নোংরার বালতিতে ফেলছি, আর অমিত শাহ-নরেন্দ্র মোদি এসে কুড়িয়ে কুড়িয়ে একটা করে মাথায় বসাচ্ছেন। যাদের কোনও গ্রহণ-যোগ্যতা নেই, পরিচিতি নেই, মানুষের পাশে থাকে না। আলুর বস্তায় পচা আলু থাকে, পিঁয়াজের বস্তায় পচা পিঁয়াজ থাকে। এগুলো তৃণমূল ফেলে দিচ্ছে। এগুলো বিজেপি নিয়ে জগা খিঁচুড়ি করে আপনাদের খাওয়াতে চাইছে। এগুলো খেলে আপনাদের পেট খারাপ হবে। এগুলোকে বর্জন করতে হবে”।







