জেলা

দেড় বছর আগের নাবালিকা বিয়ে, এবার পুলিশের জালে স্বামী-শ্বশুর-শাশুড়ি! মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বড় পদক্ষেপ

নাবালিকা বিয়ে রুখতে প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই সামনে এল পুরনো একটি বিয়ের ঘটনা। দেড় বছর আগে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার করা হল তার স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার খোলিদপুর এলাকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিক্রম বিশ্বাস। বয়স ২৭ বছর। অভিযোগ, প্রায় দেড় বছর আগে তিনি ১৬ বছরের ওই কিশোরীকে বিয়ে করেন। সম্প্রতি নাবালিকা বিয়ে নিয়ে প্রশাসনের কড়া বার্তার পর বিষয়টি সামনে আসে।

চাইল্ড হেল্পলাইনের তরফে পেট্রাপোল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। এরপর বিক্রম বিশ্বাসের পাশাপাশি তাঁর বাবা বিষ্ণু বিশ্বাস এবং মা নীলিমা বিশ্বাসকেও গ্রেফতার করা হয়। সোমবার, ১৪ সেপ্টেম্বর, তিনজনকেই বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও অভিযুক্তের পরিবারের তরফে ঘটনার অন্য ব্যাখ্যা দেওয়া হয়েছে। নীলিমা বিশ্বাসের দাবি, তাঁরা ওই বিয়ে দিতে চাননি। তাঁর বক্তব্য, ওই কিশোরী ও তাঁর ছেলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং ছেলেকে না পেলে আত্মহত্যার চেষ্টা করার কথাও বলেছিল মেয়েটি। পরিবারের আপত্তির পর কিশোরী নিজেই তাঁদের বাড়িতে চলে আসে বলে দাবি নীলিমার। এরপর পরিস্থিতির চাপে তাঁরা বিয়ে দিয়েছিলেন বলে তাঁর দাবি।

তবে নাবালিকার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নাবালিকা বিয়ে নিয়ে প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই এই গ্রেফতারকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনের বার্তা, শুধু নতুন করে নাবালিকা বিয়ে আটকানো নয়, অতীতে এমন বিয়ে হয়ে থাকলেও তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ হতে পারে। ফলে এই ঘটনার পর পুরনো নাবালিকা বিয়ের ঘটনাগুলি নিয়েও নজরদারি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.