জুয়ার আসরে হানা দিতে গিয়েই বিপত্তি। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের সালারে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সালার থানার এক ASI। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টা নাগাদ সালার থানার অন্তর্গত খাড়েরা গ্রামে জুয়ার আসর বসার খবর পায় পুলিশ। এরপর দুটি গাড়িতে করে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই তাদের লক্ষ্য করে বোমা ছোড়া শুরু হয়। সেই হামলাতেই জখম হন ASI সাদেক আলি।
আহত পুলিশ আধিকারিককে প্রথমে সালার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
ঘটনার পর রাতেই এলাকায় পৌঁছন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে কমব্যাট ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। সোমবার সকালে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মূল অভিযুক্ত বলে যাঁর নাম সামনে এসেছে, সেই ফয়জল শেখ এখনও পুলিশের নাগালের বাইরে। পুলিশ জানিয়েছে, এর আগেও বোমা তৈরির অভিযোগে ফয়জলকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই ঘটনায় তাঁর জেল হয়েছিল।
ঘটনার পর থেকে এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে। দুপুর পর্যন্ত গ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহল চলেছে। SDPO ভরতপুরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন রয়েছে। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি বোমাবাজির ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।







