ক্রাইম

যোধপুর পার্কে বন্দুকের নল ঠেকিয়ে ডাকাতি, ৯ বছর পর সাজা ৩ দুষ্কৃতীর

দিনের আলোয় যোধপুর পার্কের একটি সোনার দোকানে বন্দুকের নল ঠেকিয়ে ডাকাতির ঘটনায় অবশেষে সাজা ঘোষণা হল। ২০১৭ সালে লেক থানার অন্তর্গত ‘চন্দ্রাণী জুয়েলার্স’-এ সংঘটিত ওই সশস্ত্র ডাকাতির মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৯ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ সদস্যের একটি মণিপুরি ডাকাতদল আচমকাই ওই সোনার দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায়। প্রায় ৭৫২ গ্রাম ওজনের সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই সময় লুট হওয়া সোনার আনুমানিক মূল্য ছিল প্রায় ২২ লক্ষ টাকা।
ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যান্টি-ডাকাতি অ্যান্ড রবারি স্কোয়াড। তদন্তকারীরা চার অভিযুক্তকে শিলিগুড়ি ও অসম থেকে গ্রেফতার করেন। পুলিশের দাবি, নেপালের দিকে পালানোর চেষ্টা করার সময় তাদের পাকড়াও করা হয়। অভিযুক্তদের কাছ থেকে লুট হওয়া সোনার একাংশ এবং তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে লিশাম ইবুংটম্বা সিংহ, সেনজাম নংদ্রেনখোম্বা সিংহ এবং রাজেশ টংব্রাম চন্দ্র সিংহকে ভারতীয় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যেককে ৯ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
মামলার বিচার চলাকালীন গ্রেফতার হওয়া এক অভিযুক্ত ডাকাতিতে নিজের involvement স্বীকার করে। তবে এই ঘটনায় আরও এক অভিযুক্ত এখনও পলাতক। মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর দেবব্রত সিকদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.